মাদারীপুরের ডাসারে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে গৃহবধূ সুমি আক্তার মিম হত্যার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভালুকসী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, নিহতের স্বজন এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, যৌতুকের দাবিতে একজন গৃহবধূর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
অংশগ্রহণকারীরা বলেন, নারীর প্রতি সহিংসতা ও যৌতুকের মতো সামাজিক অপরাধ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন।