আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলীয় দেশ সুদানের সেনাপ্রধান জে আব্দুল ফাতাহ আল বুরহান এবং তার প্রতিপক্ষ মিলিশিয়া বাহিনী আরএসএফের প্রধান জেনারেল মোহামেদ হামদান দাগালো – যিনি হেমেটি নামে বেশি পরিচিত, দুজনেই তাদের প্রতিনিধিদের পাঠিয়েছেন রিয়াদে। সুদানে লড়াইরত দুই পক্ষকে রিয়াদে নিয়ে এসে মীমাংসা বৈঠকে বসাতে সক্ষম হয়েছে সৌদি সরকার।
শনিবার থেকে তারা সেখানে সৌদি সরকারের মধ্যস্থতায় মুখোমুখি বসে কথা বলতে শুরু করেছেন। সুদান আফ্রিকার দেশ হলেও, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এদেশের রাজনীতি এবং অর্থনীতির প্রধান চালিকা শক্তি, বিশেষ করে সৌদি আরব। সৌদি আরব কোনোভাবেই চায়না – সুদানে যাতে ইসলামপন্থী কোনো সরকার প্রতিষ্ঠিত হোক। আরব বসন্ত অর্থাৎ গণবিক্ষোভের জেরে আরব দেশগুলোতে সরকার পতনের পর, যেসব আরব দেশে নির্বাচন হয়েছে ― যেমন মিশর, তিউনিসিয়া প্রভৃতি সব জায়গায় ইসলামপন্থীরা ক্ষমতা গিয়েয়েছিল। এতে ঘাবড়ে গিয়েছিল সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এবং অভিযোগ রয়েছে ঐসব সরকারের পতনে – পেছন থেকে কাজ করেছে এই দুই দেশ। এ কারণে গণবিক্ষোভের ভেতর দিয়ে ওমর আল বশিরের পতনের পর, সুদানে কোনো নির্বাচন হয়নি। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, নির্বাচনের বদলে সুদানে একটি অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকার ক্ষমতায় বসাতে সক্ষম হয়।
আফ্রিকার সাহেল এবং হর্ন অব আফ্রিকা অঞ্চলটি এমনিতেই বহুদিন ধরেই যুদ্ধ-বিগ্রহে বিপর্যস্ত। সুদানের সংঘাত আরও দীর্ঘায়িত হলে, পুরো অঞ্চলের নিরাপত্তা আরও ভঙ্গুর হয়ে পড়বে বলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সুদানের এই গৃহযুদ্ধের ফলে, গত তিন সপ্তাহে সেদেশে প্রায় ৬০০ লোক মারা গেছে। কয়েক লাখ মানুষ আশপাশের দেশগুলোতে পালিয়েছে। কয়েক হাজার বিদেশী নাগরিককে যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমান পাঠিয়ে উদ্ধার করা হয়েছে।