সারাদেশের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দিবসটি উপলক্ষ্যে গভীর শ্রদ্ধা ভরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে নগরের চৌহাট্টস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, সিলেট জেলা প্রশাসন, জেলা পরিষদ, সিলেট রেঞ্জ পুলিশ, সিলেট মেট্টোপলিটন পুলিশ, জেলা পুলিশ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেট জেলা ও মহানগর বিএনপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনগুলো বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। এদিন বিভিন্ন শ্রেণিপেশার মানুষও ফুল নিয়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে হাজির হয়ে বিনম্র চিত্তে স্মরণ করে শহীদ বুদ্ধিজীবীদের।
পুষ্পস্তবক অর্পণ শেষে শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালে দেশকে মেধা শূন্য করতে পাকিস্তানিরা বাংলাদেশের শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার সহ বিভিন্ন শ্রেণীর মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। তারপরও দমিয়ে রাখা যায়নি বাংলাদেশকে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ১৯১৭১ সালে দেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল শামস সদস্যরা দেশের শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের হত্যা করেন।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্টোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।