শাফী চৌধুরী, সিলেট প্রতিনিধি: দেশের অন্যান্য পৌরসভার ন্যায় সিলেট জেলার তিন পৌরসভায়ও ব্যালট পেপার, ভোট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে দেওয়া হয়েছে। এ পৌরসভার মধ্যে রয়েছে গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট। গতকাল সোমবার দুপুরে সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তা আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাটে নির্বাচনী কার্যালয়ে প্রয়োজনীয় সরঞ্জামাদি পৌঁছে দেয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ভোট বাক্স, অমোচনীয় কালি এবং প্রয়োজনীয় স্টেশনারি দ্রব্য। সোমবার সকাল থেকে পৌর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলা নির্বাচনী কার্যালয় থেকে সরঞ্জাম নিয়ে যান। সকালে সিলেটের জকিগঞ্জ, কানাইঘাটে ও দুপুরের দিকে গোলাপগঞ্জ পৌরসভায় নির্বাচনী সরাঞ্জম পৌঁছানো হয়েছে। নির্বাচনী এলাকার সহকারী রিটার্নিং কর্মকর্তারা তা গ্রহণ করেছেন। এদিকে আজ মধ্যরাতেই শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। সেই সঙ্গে ভোট শেষের পরবর্তী ৪৮ ঘণ্টাও কোনও মিছিল শো-ডাউন করা যাবে না বলে নির্দেশ রয়েছে সিইসির।
এদিকে সিলেট বিভাগের সিলেট জেলায় ৩টি, সুনামগঞ্জে ৪টি, মৌলভীবাজারে ৪টি এবং হবিগঞ্জে ৫টি পৌরসভায় মেয়র পদে ৭৫ জন, কাউন্সিলর পদে ৫৮৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। ৮১২ প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকরা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবার দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় পৌর নির্বাচনকে ঘিরে সাধারণের আগ্রহও বেশ তুঙ্গে।



