ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে এবার ২৬টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। তবে এসব দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ছাড়া আর কোনো দল নারী প্রার্থী দেয়নি। ফলে সিলেটের পুরো নির্বাচনি মাঠে নারী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে মাত্র দুই জনে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিলেটের ১৯টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী মাত্র দুই জন। তাঁরা দুজনই ভিন্ন দুটি রাজনৈতিক দলের প্রার্থী। একজন হলেন, সিলেট-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মোছা. তাহসিনা রুশদীর লুনা এবং অপরজন মৌলভীবাজার-২ আসন থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সিলেটের ১৯টি সংসদীয় আসনে শুরুতে মোট ১৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ১৪৬ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয় ১১০ জনের মনোনয়নপত্র এবং বাতিল করা হয় ৩৬ জনের মনোনয়ন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করেন ২৮ জন প্রার্থী। আপিল শুনানি শেষে ২৩ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পান। পরবর্তী সময়ে প্রার্থীতা প্রত্যাহার করেন ২৮ জন। সব প্রক্রিয়া শেষে সিলেটের ১৯টি সংসদীয় আসনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১০৫ জনে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিলেটে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এসব বেশি প্রার্থী দেওয়া দলগুলোর মধ্যে বিএনপি ছাড়া আর কোনো দল নারী প্রার্থী দেয়নি। এ বিষয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী বলেন, এবারের নির্বাচনি পরিবেশে সামগ্রিকভাবে ভোটারদের মধ্যে উচ্ছ্বাস কম লক্ষ্য করা যাচ্ছে।
তিনি বলেন, আমরা চেষ্টা করছি ভোটারদের কাছে যাওয়ার, তাদের সঙ্গে কথা বলার। কিন্তু বাস্তবতা হচ্ছে, ভোটারদের মধ্যে আগ্রহ আগের মতো নেই। তিনি আরও বলেন, ভোটারদের মধ্যে এখনো এক ধরনের শঙ্কা কাজ করছে। “আদৌ একটি সুষ্ঠু নির্বাচন হবে কি না, সবাই মিলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না-এ নিয়ে ভোটারদের মধ্যে দ্বিধা ও সংশয় রয়েছে” বলেও জানান তিনি।
এই পরিস্থিতির মধ্যেও তাঁরা ভোটারদের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন বলে জানান সাদিয়া নোশিন। তিনি বলেন, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। এমন একটি বাংলাদেশ চাই, যেখানে যোগ্য ব্যক্তিকে মানুষ নিজের বিবেচনায় বেছে নিতে পারবে। আমরা সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই।