তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলো শুভঙ্করের ফাঁকি। এর ফাঁক দিয়ে অজগর সাপ ঢুকে সব খেয়ে ফেলতে পারে। নিয়মতান্ত্রিকভাবে এটি বাতিল করা হয়েছে। তারা তত্ত্বাবধায়ক সরকার দাবি করে। সারা পৃথিবীতে কেউ ত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সম্মতি দেয় না। বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
শনিবার (২২ জুলাই) সকালে কুমিল্লা নগরীর টাউন হল মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মো. তাজুল ইসলাম বলেন, আপনারা (বিএনপি) চান যে একটা দুর্যোগপূর্ণ ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। আপনারা কীসের জন্য ক্ষমতা চান, দেশের উন্নয়নের জন্য? দুই দফায় ক্ষমতায় থেকে কী কী করেছেন আর আওয়ামী লীগ কী কী করেছে, তা দেখেন।
তিনি বলেন, একটা সময় বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ৩৯০ ডলার যা এখন ২৮০০ ডলারের উপর, অন্যদিকে বাংলাদেশের গড় মাথাপিছু ঋণ একসময় ১০ হাজার ছিল যা বর্তমানে ৯৫ হাজার টাকা। আয় ও ঋণের অনুপাতে অগ্রগতি করার পরও নিন্দুকেরা ঋণের অংককে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ কখনো ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয়নি এবং এই ঋণ দেশের জনগণের উন্নয়নে ব্যয় করা হয়েছে যার সুফল এখন মানুষ পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের ফলে দেশ আজ দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ শান্তিপূর্ণ দেশ। এ দেশটাকে নষ্ট করার জন্য তারা চেষ্টা করছে। বিএনপি অশান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে শিকার করতে চায়।বাংলাদেশ রক্ষা করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে জনগণ আজ ঐক্যবদ্ধ। নেতাকর্মীরা ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করে সবগুলো আসনে বিজয়ী হতে করতে আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে বক্তব্য দেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরি, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আহমেদ, পুলিশ সুপার আবদুল মান্নানসহ অনেকেই।



