সারাদেশে হাম ও ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও ফরিদপুরের মধুখালী উপজেলায় পরিস্থিতি তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম বা ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই।
বুধবার (১ জুলাই) মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, হাম ও ডেঙ্গু রোগে আক্রান্ত কোনো রোগী হাসপাতালের কোনো শয্যায় ভর্তি নেই।
এ বিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সরোয়ার জানান, গত জুন মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট পাঁচজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল।
তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে তারা সবাই ভালো আছেন। তিনি আরও জানান, এ পর্যস্ত মোট ছয়জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তাদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার মহাখালীতে পাঠানো হয়।
পরীক্ষার ফলাফলে কারও শরীরে হাম রোগের উপস্থিতি (পজিটিভ) পাওয়া যায়নি। ফলে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামে আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই। ডা. আল-আমিন সরোয়ার বলেন, হামের উপসর্গ নিয়ে আসা ছয়জন শিশুই প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর বাড়িতে ফিরে গেছে এবং বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সারাদেশে হাম ও ডেঙ্গু নিয়ে উদ্বেগ থাকলেও মধুখালীতে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তবে রোগ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্ধসঢ়;বান জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।



