মোশাররাফ সাতক্ষীরা : সাতক্ষীরা শহর বাইপাস সড়ক থেকে দীপ ও সাইফুল নামে দুই সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (৩০ নভেম্বর) ভোরে সাতক্ষীরা শহরের লেকভিউ ক্যাফের বিপরীত পাশে বাইপাস সড়ক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এদের মধ্যে দীপ সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের দেহরক্ষী ও মুন্সিপাড়া এলাকার সোহাগ হত্যা মামলার আসামি এবং সাইফুল বেআইনী অস্ত্রধারী ক্যাডার। তার বাড়ি কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামে বলে তাৎক্ষণিক তথ্যে জানা যায়। ইটাগাছা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম ভোরে খবর পেয়ে বাইপাস এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
সাতক্ষীরা পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, সম্প্রতি সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশ কোম্পানির ২৬ লাখ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি মামলা হয়। ওই মামলায় শুক্রবার দীপ ও সাইফুল কে কালিগঞ্জ থানা পুলিশ আটক করে।
পরে তাদেরকে নিয়ে টাকা উদ্ধার অভিযানে গেলে তাদের সহযোগিরা ছিনিয়ে নেয়ার অভিযোগে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা কয়েক রাউন্ড গুলি করে। এ ঘটনায় দীপ ও সাইফুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। তাদের বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।




