তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে শুক্রবার রাতে ছিনতাই করার সময় তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সয়ার ইউনিয়নের কাজিপাড়া গ্রামের আবু সাইদ তারাগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে অনন্তপুর উঁচু ব্রীজের উপর ৬-৭ জন তার পথ রোধ করে মারতে থাকে। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে আবু সাঈদকে উদ্ধার করে এবং ছিনতাইকারী সোহেলকে আটক করে। পরে স্থানীয় লোকজন তারাগঞ্জ থানা পুলিশকে খবর দিয়ে সোহেলকে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল ঘটনার সাথে জড়িত হৃদয় এবং সুজনের নাম জানায়। সোহেলের কথামতো এসআই মিজানুর রহমানের নেতৃত্বে তাদের দুজনকেও গ্রেফতার করে পুলিশ।
তারাগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, তিনজন ছিনতাইকারীকে আমরা গ্রেফতার করেছি। তাদেরকে আজ (রোববার) আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।




