স্টাফ রিপোর্টার: অঙ্গীকার করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ঢাকাকে আদর্শ হিসেবে গড়ে তোলার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ অঙ্গীকার করেন।
সাঈদ খোকন বলেন, ‘স্বাধীনতা লাভের পরও বিজয় পূর্ণাঙ্গ হয়নি। এটির পূর্ণতা পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসতে পারার পর।’
এর আগে বেলা আড়াইটার দিকে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। সভা সঞ্চালনা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। দুপুর ৩টা ১৮ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উপস্থিত হন।
সভায় কোরআন তেলাওয়াত করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সুফী সুলতান আহমেদ, গীতা পাঠ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক দিলীপ রায়। একে একে ত্রিপিটক ও বাইবেল থেকেও পাঠ করা হয়। সভা শুরুর ৫ মিনিট আগে সভা মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী আশরাফুল ইসলাম। উপস্থিত আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। সভা শুরুর প্রথমে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এরপর বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।