বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ

সরকার পতনের আন্দোলন শুরু করার কথা বলছে বিএনপি

বিএনপি ক্ষমতার ক্ষুধায় উন্মাদ হয়ে গেছে। এ কারণে দলটি অক্টোবরে সরকার পতনের আন্দোলন শুরু করার কথা বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন আর জমবে না। মরা গাঙে আর ঢেউ উঠবে না। এ ঘাটে আন্দোলনের জোয়ার আর আসবে না।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যাগে আয়োজিত এ অনুষ্ঠানে কর্মক্ষম গরীব দুঃস্থ মানুষদের মাঝে রিকসা ও ভ্যান বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ১শ জনের মাঝে ভ্যান ও রিকসা বিতরণ করেন ওবায়দুল কাদের।

এসময় চারটি ট্রাক বোঝাই করে আরও রিকসা ও ভ্যান টুঙ্গিপাড়া, কোটালি পাড়া, পঞ্চগড় ও ময়মনসিংহে দুঃস্থ মানুষের মাঝে বিতরণের জন্য পাঠানো হয়।

ওবায়দুল কাদের আরও বলেন, জাতিসংঘে ভাষণ দিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের মন জয় করেছেন। তারা অবাক হয়ে মন্ত্রমুগ্ধের মতো শেখ হাসিনার বক্তৃতা শুনেছেন। বাংলাদেশের উন্নন ও অগ্রগতির জন্য বিশ্ব নেতারা যখন শেখ হাসিনার প্রশংসা করছেন তখন বিএনপি-জামায়াতের কিছু সংখ্যক লোক ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্রের জবাব দিতে নেতাকর্মীদের শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির দখলে নয়, অক্টোবরে মাঠ থাকবে আওয়ামী লীগের দখলে। কারণ আওয়ামী লীগ আগে থেকেই মাঠে আছে। অক্টোবর থেকে আওয়ামী লীগ পাড়া-মহল্লায় যাবে ভোট প্রার্থনার জন্য। এই ভোটের সময় কেউ নৈরাজ্য সৃষ্টি করলে তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে।

তিনি বলেন, আগামী ১ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী রাজধানীসহ সারা দেশে গণসংযোগ করা হবে। রাস্তা অবরোধ করে, বন্ধ করে কাউকে সভা-সমাবেশ করতে দেয়া হবে না। জনগণের দুর্ভোগ হোক এমন কোনো কর্মসূচি কিছুতেই হতে দেব না।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।