সরকার নির্ধারিত দামেই ব্যবসায়ীদের আলু-পেঁয়াজ বিক্রি করা উচিত -কৃষিমন্ত্রী

সরকার নির্ধারিত দামেই ব্যবসায়ীদের আলু-পেঁয়াজ বিক্রি করা উচিত -কৃষিমন্ত্রী

মুধুপুর (টাঙ্গাইল), ৮ কার্তিক (২৪ অক্টোবর): সরকার নির্ধারিত দামেই ব্যবসায়ীদের আলু-পেঁয়াজ বিক্রি করা উচিত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, সরকার আলুর দাম কমিয়ে একটা যৌক্তিক দাম ঠিক করে দিয়েছে। কোল্ড স্টোরেজ মালিকরা ১৬-১৭ টাকা কেজিতে আলু কিনেছে, এখন ২৭ টাকা কেজিতে বেচবে। সরকার বাধ্য হয়ে এই যৌক্তিক দাম নির্ধারণ করেছে, এটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে।

মন্ত্রী আজ টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদের অর্থায়নে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান এবং ধর্ম মন্ত্রণালয় থেকে দুস্থ জনগণের জন্য প্রাপ্ত আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এখন পর্যন্ত দেশে খাদ্যের কোনো সংকট হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, সামনের দিনগুলোতেও কোনোক্রমেই যাতে মানুষের খাদ্য সংকট না হয় সেজন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পূর্বপ্রস্তুতি নিয়ে রেখেছে। যদি দেখা যায়, বন্যা ও অতিবৃষ্টির কারণে আমনের অনেক ক্ষতি হয়েছে ও উৎপাদন কম, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজনে অল্প পরিমাণ চাল বিদেশ থেকে আমদানি করা হবে। তারপরও, প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে না খেয়ে থাকতে দেবেন না।

পরে কৃষিমন্ত্রী উপজেলা পরিষদের অর্থায়নে ২৫৮জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করেন এবং কিছু হতদরিদ্র পরিবারের মাঝে ধর্ম মন্ত্রণালয়ের অর্থ সহায়তার চেক বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।