মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা বলেছেন, সরকার উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সাথে সাথে নারীদের জন্য সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে। নারীরা যেখানে এক সময় স্বাধীনভাবে কথা বলতে পারতো না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না, সেখানে আজ প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, সেনাবাহিনী-সহ বিদেশে শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে।
প্রতিমন্ত্রী আজ সিলেটে সরকারি কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে দেশব্যাপী নারী উদ্যোক্তা সৃষ্টি ও উৎপাদিত পণ্য বাজারজাতকরণে কাজ করছে। নারীরা যেন সহজে ব্যবসা শুরু করতে পারে সেজন্য তিনি স্থানীয় প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারের সকল নীতি ও উন্নয়ন কার্যক্রম আপনারা বাস্তবায়ন করে থাকেন। সরকারি সকল সেবা জনগণ আপনাদের কাছ থেকে পেয়ে থাকে। আপনারা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করবেন’।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান, ডিআইজি সিলেট রেঞ্জ কামরুল আহসান বিপিএম, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী-সহ সিলেটে বিভাগীয় ও জেলা সরকারি কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রতিমন্ত্রী এর আগে সিলেট পৌঁছে হযরত শাহজালাল (রঃ), হযরত শাহ পরান (রঃ) ও হযরত শাহ গাজী বুরহান উদ্দিন (রঃ) মাজার জিয়ারত করেন।