সীসা বিষক্রিয়ার ঝুঁকি কমানো, শিশু ও গর্ভবতী নারীর সুরক্ষা এবং সীসা দূষণ নিয়ন্ত্রণে ‘National Strategy and Multi-Year Action Plan for a Lead-Free Bangladesh (2026-2035)’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সীসামুক্ত বাংলাদেশ
সীসা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি নিউরোটক্সিন। এর সংস্পর্শে স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের ক্ষতি, স্মৃতিশক্তি ও বুদ্ধিবৃত্তি কমে যাওয়া, আচরণগত সমস্যা, রক্তশূন্যতা, কিডনি ও হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং প্রজনন ও গর্ভাবস্থায় নানা জটিলতা দেখা দিতে পারে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) Multiple Indicator Cluster Survey (MICS) ২০২৫ অনুযায়ী, দেশে ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৩৮ দশমিক ৩৪ শতাংশ এবং গর্ভবতী নারীদের প্রায় ৭ দশমিক ৫৪ শতাংশের রক্তে উদ্বেগজনক মাত্রায় সীসার উপস্থিতি পাওয়া গেছে।
জেলাভিত্তিক তথ্য পর্যালোচনায় ঢাকায় শিশুদের মধ্যে সীসা বিষক্রিয়ার উচ্চ ঝুঁকির চিত্রও উঠে এসেছে। এ ছাড়া, ICDDR,B-এর সাম্প্রতিক এক গবেষণায় ঢাকার ২ থেকে ৪ বছর বয়সী ৫০০ শিশুর মধ্যে ৯৮ শতাংশের রক্তে উদ্বেগজনক মাত্রায় সীসা পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষা, বিশেষ করে শিশুদের সুস্থতা নিশ্চিত করতে সীসার উৎস শনাক্তকরণ, দূষণ নিয়ন্ত্রণ এবং বিষক্রিয়া প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
খসড়া কৌশলপত্রে Institutional Capacity Building, Surveillance and Identification, Policy and Regulation, Monitoring and Enforcement, Private Sector Engagement, Awareness, Behavior Change and Education, Research and Innovation এবং Multisectoral Engagement, Coordination and Collaboration—এই ক্ষেত্রগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এর আওতায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সরকারি সংস্থা ও অন্যান্য অংশীজনের দায়িত্ব নির্ধারণের পাশাপাশি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
কৌশলপত্র অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে শিশুদের রক্তে সীসার মাত্রা ভিত্তিমানের তুলনায় ৫০ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে ৯৫ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে MICS ২০২৫-এর ৩৮ দশমিক ৩৪ শতাংশকে ভিত্তিমান হিসেবে ধরা হয়েছে।
সরকারের প্রত্যাশা, দীর্ঘমেয়াদি এই কৌশল বাস্তবায়নের মাধ্যমে সীসা দূষণ ও বিষক্রিয়ার ঝুঁকি কমানোর পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই ও সবুজ প্রবৃদ্ধির পথ আরও শক্তিশালী হবে।



