সরকার দলীয় এমপি রানার জামিন আবেদন নাকচ

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ।

আজ রোববার মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় তার জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে হাইকোর্ট তা খারিজ করে দেন । রানা বর্তমানে কারাগারে আছেন।

বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী অবকাশকালীন ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন। এর আগে নিম্ন আদালত জামিন আবেদন খারিজ করে দিয়ে রানাকে কারাগারে পাঠানো হয়েছিলো। পরে কারাগার থেকে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।

আবেদনে বলা হয় যে, জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেয়ার জন্য তার জামিন প্রয়োজন। আবেদনের পক্ষে আইনজীবী আব্দুল মতিন খসরু ও আব্দুল বাসেত মজুমদার শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন নামঞ্জুর করে আদেশ দেন।আদালত বলেন, অপরাধের গুরুত্ব অনুযায়ী রানাকে জামিন দেয়া ঠিক হবে না। এর আগে টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যার ঘটনায় করা মামলায় টাঙ্গাইলের প্রভাবশালী খান পরিবারের সদস্য ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তাঁর তিন ভাইসহ ১৪ জনকে দায়ী করা হয়।

২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল থানায় মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি টাঙ্গাইল মডেল থানার পুলিশ তদন্ত করলেও পরে এর তদন্তভার জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে দেয়া হয়।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।