বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার। শিক্ষাক্ষেত্রে অবদান ও জাতি গঠনে ভূমিকার স্বীকৃতি হিসেবে এসব শিক্ষককে এ সম্মাননা দেওয়া হয়।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
এবারের সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে প্রাথমিক পর্যায়ের ১০ জন, মাধ্যমিক পর্যায়ের ২০ জন এবং কলেজ পর্যায়ের ২৫ জন রয়েছেন। এছাড়া সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক সম্মাননা পেয়েছেন।
এর বাইরে প্রধানমন্ত্রীর মনোনীত আরও সাতজন শিক্ষককেও এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।
জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি এবং তাঁদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। একই সঙ্গে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়টিও দিবসটির অন্যতম লক্ষ্য।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হচ্ছে।





