ডেস্ক রিপোর্টার: বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে নব্বইয়ের মতো গণ-অভ্যুত্থানের মাধ্যমে বলে দাবি করেছেন বিএনপির প্রাক্তন যুগ্ম মহাসচিব ও ডাকসুর প্রাক্তন ভিপি আমানউল্লাহ আমান।
তিনি বলেন, ‘অব্য্যাহত খুন-গুম, হামলা-মামলা থেকে নিস্তার পেতে আরেকটি গণঅভ্যুত্থানের সৃষ্টি করতে হবে। এর মধ্য দিয়ে এই অগণতান্ত্রিক সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।’
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শুক্রবার বিকেলে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাংবাদিক মো. রহমাতুল্লাহর (শিশির) ধারাবাহিক প্রকাশনা ‘শালচাঁদর’ এর মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমানউল্লাহ আমান বলেন, দেশে এখন কথা বলার বা মতপ্রকাশের স্বাধীনতা নেই। সাংবাদিকরাও স্বাধীনভাবে অভিমত প্রকাশ করতে পারছে না। সত্য ও ন্যায়ের কথা বললেই তার নামে মামলা দেওয়া হচ্ছে। সরকারের মুখে গণতন্ত্র থাকলেও অন্তরে একদলীয় শাসন।
এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুমুর রহমান ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে মিথ্যা মামলায় দিনের পর দিন কারাগারে রাখা হয়েছে বলেও দাবি করেন আমান।
দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত নির্বাচিত মেয়রদের সরকার সরিয়ে দিয়ে হয়রানি করছে- এমন অভিযোগ করে দলটির এই প্রাক্তন যুগ্ম মহাসচিব বলেন, ‘তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনার মেয়রদের কেউ কারাগারে, না হলে পালিয়ে বেড়াচ্ছেন। অথচ তারা জনগণের ভোটে নির্বাচিত।’ দেশে এই মুহূর্তে গণতন্ত্রের নামে নির্যাতন-নিপীড়ন চলছে বলেও দাবি করেন তিনি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের কড়া সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আজ পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়নি। এবার হয়েছে। এখন বাইরে থেকে এসে কাউকে ভোট দিতে হয় না। যারা ভেতরে থাকেন, তাদেরকেই সরকারি দলের প্রার্থীদের পক্ষে ভোট দিতে বাধ্য করা হয়।’
শিক্ষক হায়াতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব কায়রুল কবির খোকন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।