ডেস্ক রিপোর্ট: এবার পৌর নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে নির্বাচনে অংশ নেয়া প্রতিটি দলই। কারণ প্রথম বারের মত দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর নির্বাচন। দলীয় প্রার্থীদের জয়ী করতে তাই সব দলই নিচ্ছে স্বকীয় কৌশল। সরকারি দলের মন্ত্রী-এমপিদের প্রচারণায় অংশ নেয়া নিষেধ। কিন্তু সরকারি সুবিধা ভোগ করে না আওয়ামী লীগের এমন কেন্দ্রীয় নেতারা অংশ নিচ্ছেন প্রচারণায়। আবার কোথাও কোথাও মন্ত্রী-এমপিদেরও কৌশলে প্রচারণায় অংশ নেয়ার অভিযোগ তুলছে অন্যতম বিরোধী দল বিএনপি।
অভিযোগ আর দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন পৌর নির্বাচনে সরকারের ‘উন্নয়ন’কে পুঁজি করে তৃণমূলে প্রচারণা চালাচ্ছেন ক্ষমতাসীন দলের নেতারা। সেইসঙ্গে সম্প্রতি জামায়াত-বিএনপির নাশকতা, চারদলীয় জোট সরকারের আমলে বিভিন্ন অপকর্মগুলোও তুলে ধরে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
প্রচারণায় অংশ নেয়া যুবলীগের কেন্দ্রীয় অর্থসম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, ‘দলীয় প্রার্থীদের প্রচারনায় অংশ নিয়ে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ শুরু, বিদ্যুৎ উৎপাদনের সাফল্য, শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধের শান্তি পূর্ণ সমাধান, ছিটমহল বিনিময়সহ উন্নয়নকে বেশি প্রাধান্য দিচ্ছি।’
এছাড়া পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বেশিরভাগের নামে নাশকতাসহ বিভিন্ন ফৌজদারি মামলা। শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে বিএনপির বিরোধী অবস্থান। দলের শীর্ষ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকরসহ দলের বিভিন্ন নেতাদের অপকর্মের উপর ভর করে প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
দলীয় একটি সূত্র জানিয়েছে, পৌর নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ। কারণ স্থানীয় এ নির্বাচনে দলীয় ‘ইমেজ’ এর উপর প্রভাব পড়বে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। তাই শুরু থেকে একক প্রার্থী দিতে মরিয়া ছিল আওয়ামী লীগ। দলীয় ইমেজের কথা বিবেচনা করে পৌর মেয়র পদে ত্যাগী ও জনপ্রিয় নেতাদের দলীয় মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ। সেইসঙ্গে, দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সংগঠনের সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।
দলীয় সূত্রে আরও জানা যায়, যোগ্য ও জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দিতে এবং দলীয় মতভেদ এড়াতে প্রার্থী বাছাইয়ের ক্ষমতা দলের সভাপতি শেখ হাসিনাকে দেয়া হয়। প্রার্থী বাছাইয়ের পর দলের সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হলে স্থায়ী বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়। তারপরও যারা দলীয় প্রার্থীর বাইরে হয়েছে তাদের প্রার্থীতা প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় নেতারা ছুটেছেন তৃণমূলে। কেন্দ্রীয় নেতাদের এমন প্রচেষ্টায় অধিকাংশ বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তবে এখনও রয়ে গেছেন ৬৯ জন। যদিও দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। তবে এই বিদ্রোহী প্রার্থীরাই দলকে কিছুটা ভাবনায় ফেলেছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা পাওয়ার পর পরেই দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণার উদ্দেশে সারাদেশে নির্বাচনী প্রচার ও সমন্বয়ের জন্য ৩১টি টিম গঠন করেছে কেন্দ্রীয় যুবলীগ নেতারা। একই উদ্দেশ্যে সমন্বয় কমিটি গঠন করেছে স্বেচ্ছাসেবক লীগ। ছাত্রলীগের নেতারাও ব্যস্ত দলীয় প্রার্থীও প্রচারণায়। অন্যান্য সহযোগী সংগঠনগুলোও দলীর প্রার্থীর প্রচারণায় মাঠে নেমেছে। তবে সবাই দলীয় প্রার্থীর প্রচারণার অংশ হিসেবে বর্তমান সরকারের বড় সাফল্যকে কৌশল হিসেবে বেছে নিয়েছেন।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীকে মনোনয়ন দেয়ার ক্ষেত্রে আমরা দলের সৎ, ত্যাগী এবং জনসাধারণের গ্রহণযোগ্য নেতাদের প্রাধান্য দিয়েছি। দলীয় প্রার্থীর সাথে বর্তমান সরকারের ‘গুড উইল’ যোগ হওয়ায় জয়ের ব্যাপারে জনগণ আমাদের পক্ষে রায় দিবে বলে আমি আশা প্রকাশ করি।’