সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু জ্বরের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে -স্বাস্থ্যমন্ত্রী

সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সহ দেশের সকল মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগে খুব শীঘ্রই দেশের ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে’।  বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

          আজ সচিবালয়স্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘ডেঙ্গু প্রকোপ ও সম্মিলিত প্রচেষ্টা’ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় আলোচনা সভায় সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা শেষে স্বাস্থ্যমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

          স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সোহরাব হোসেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আরসালান, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব-সহ উচ্চপর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

          সভায় ডেঙ্গু নিয়ে কি-নোট তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাউথ ইস্ট এশিয়া রিজিওনাল অফিসার ড. বি এন নাগপাল।

          সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য সেবা বিভাগের সংশ্লিষ্টরা সার্বক্ষণিক মনিটরিং করছেন। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশার উৎপত্তিস্থল ধ্বংস করার পাশাপাশি শীঘ্রই মশক নিধনে কার্যকর ওষুধ আনা হচ্ছে। প্রধানমন্ত্রী লন্ডনে চিকিৎসাধীন থাকা অবস্থায প্রতিদিন ডেঙ্গু পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন এবং দিক নির্দেশনাও দিচ্ছেন। এছাড়া স্বাস্থ্য সেবা বিভাগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সমন্বয় রেখে একযোগে কাজ করছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী অল্প দিনের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে নতুন নতুন ওয়ার্ড খোলা হচ্ছে এবং যেসব হাসপাতালে রোগী ভর্তি করা হতো না সেখানেও ভর্তির ব্যবস্থা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।