সব বড় আন্দোলনই ছিল একুশের প্রেরণা: যবিপ্রবি’র ভিসি

যশোর অফিস:  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃআনোয়ার হোসেন বলেছেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকেই বাঙালি স্বাধীকারের চেতনা পেয়েছিল। পরবর্তী সব বড় আন্দোলনই ছিল একুশের প্রেরণা এবং ভিত্তি। কিভাবে অধিকার আদায় করতে হয়, একুশ আমাদের সেই শিক্ষা দেয়।

অমর একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে বিভিন্ন বিভাগ, দপ্তর, ছাত্রলীগ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

আলোচনা সভায় ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যদি বর্তমান সরকারের ভিশন-২০২১ এবং রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতে হয়, তাহলে একুশের এই শহীদদের বেদি থেকে আমাদের শপথ নিতে হবে; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী যারা আছো, শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারী যারা আছেন, তারা বিশ্ববিদ্যালয়কে এমন পর্যায়ে নিয়ে যাবেন, যেন এই বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া ছাত্র-ছাত্রী সোনার বাংলা, ২০২১ সালের বাংলা এবং ২০৪১ বাংলার ভার বহনের সক্ষমতা অর্জন করে।

বাংলাদেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বারবার বাধাগ্রস্থ হয়েছে বলে উল্লেখ করেন অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, ৭৫-এর পর বাংলাদেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনা বারবার বাধাগ্রস্ত হয়েছে। তবে ২০০৯ থেকে বর্তমান সময় বাংলাদেশের ইতিহাস-উন্নয়নের ইতিহাস, অগ্রগামিতার ইতিহাস। এই ইতিহাসের ধারাবাহিকতায় আমাদের সামনের দিকে এগোতে হবে। আজকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ। ধীরে ধীরে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের দিকে নিয়ে যাচ্ছেন। এ জন্য আমাদের সবাইকে তাঁর হাতকে শক্তিশালী করতে হবে।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যশোর বিজ্ঝান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আবুল হোসেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ নাজমুল হাসান, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার ম-ল, কর্মচারীদের পক্ষ থেকে আরশাদ আলী, যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস, শেখ হাসিনা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের এগ্রো-প্রোডাক্ট প্রসেসিং বিভাগের প্রভাষক এস এম সামিউল আলম ও ইংরেজি বিভাগের প্রভাষক ফারহানা ইয়াসমিন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বুধবার প্রত্যুষে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ করা হয়। এরপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী এবং এর আশপাশের কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রভাতফেরি বের করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।