মাত্র ১৫ বছর বয়সে যুক্তরাজ্য থেকে সিরিয়ায় পালিয়ে ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া ব্রিটিশ-বাংলাদেশি মেয়ে শামীমা বেগম বলেছেন, তার কৃতকর্মের জন্য বাকি জীবন তিনি গ্লানিবোধ করবেন। এখন তিনি সন্ত্রাসবাদ দমনে ব্রিটিশ সরকারকে সহায়তা করতে চান।
বিবিসির রিপোর্টার জশ বেকারকে দেওয়া সাক্ষাৎকারে শামীমা বলেন, আইএসে যোগ দেওয়ার কথা মনে পড়লে তিনি অসুস্থবোধ করেন, নিজের প্রতি ঘৃণাবোধ করেন। এখন তার প্রকৃত অনুভূতি প্রকাশ করতে পেরে তিনি স্বস্তিবোধ করছেন।
তিনি বলেন, আমি আমার বাকি জীবন এ জন্য দুঃখবোধ করব। আপনি আমার মুখে তার ছাপ দেখতে পান বা না পান— এটি আমাকে ভেতর থেকে মেরে ফেলছে। এ জন্য আমি ঘুমাতে পারি না। আইএস মানুষের জীবন নষ্ট করেছে, আমার ও আমার পরিবারের জীবন নষ্ট করেছে।
আইএস তার খেলাফত কায়েম রাখতে পারেনি বলেই কি তিনি এখন তার মত পরিবর্তন করেছেন?
এ প্রশ্নের জবাবে শামীমা বলেন, বহুদিন আগেই তার ধারণা পরিবর্তন হয়েছিল, তবে এখন তিনি তা প্রকাশ করতে পারার মতো মানসিক অবস্থায় পৌঁছেছেন।
ব্রিটিশ গণমাধ্যমে শামীমা ব্রিটিশ জনগণ এবং ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়ে তাকে ব্রিটেনে ফেরার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
সূত্রঃ বিবিসি



