সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ শরীয়তপুর জেলার সখিপুর থানার অধীনস্থ পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান অব্যাহত রয়েছে। ১২ অক্টোবর অভিযানের শুরু থেকে ১৯ অক্টোবর পর্যন্ত আট দিনে ২৬ জন জেলেকে আটক করতে সক্ষম হয়েছে সখিপুর থানা পুলিশ, মৎস বিভাগ ও কোস্ট গার্ড। তাছাড়া জেলেদের সাথে জব্দ করা হয়েছে ৬টি মাছ ধরা ট্রলার ও ২০হাজার মিটার কারেন্ট জাল।
জানা গেছে, সখিপুর থানার উত্তর তারাবুনিয়া, কাচিকাটা, চরভাগা ও চরসেনসাস ইনিয়নের নিকটবর্তী পদ্মা নদী থেকে জেলেসহ মাছ ধরার এসব উপকরণ জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডেও বিভিন্ন ইউনিটের কঠোর তৎপরতায় এসব আইন অমান্যকারী জেলেদের আটক সম্ভব হয়েছে বলে জানিয়েছে সখিপুর থানা পুলিশ।
সরেজমিনে দেখা গেছে, সখিপুর থানার অধীনস্থ পদ্মা নদীতে ট্রলার ও স্পীডবোড দিয়ে সার্বক্ষণিক তৎপরতা চালাচ্ছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের বিভিন্ন ইউনিট। তাছাড়া অন্যান্য বছরের তুলনায় এ বছর আইন অমান্যকারী সংখ্যাও কম।
বিধি অনুযায়ী ১২অক্টোবর থেকে ২নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ২২দিনের জন্য ইলিশ শিকার, বিক্রি, মজুদ ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
সখিপুর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুরুল হক আকন্দ জানান, অভিযান শুরুর ৮দিনে পুলিশ, মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের তৎপরতায় এপর্যন্ত ২৬জন জেলে ৬টি মাছ ধরা নৌকা ও ২০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এদের মধ্যে ২জনকে পাচঁ হাজার টাকা করে জরিমানা করে বাকী ২৪জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।