বিশেষ প্রতিবেদকঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় মঞ্জুরুল ইসলাম লিটনের অবদান স্মরণ করেন।
আবদুল হামিদ নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং তার রূহের মাগফিরাত কামনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুতে গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে খুনিদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।
গতকাল এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন একটি মহল দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে স্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে। হত্যা ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে যা কোনোভাবেই বরদাশত করা হবে না।’ তিনি বলেন, তাদের হত্যার রাজনীতির পথ ধরেই তারা নির্বাচিত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা করেছে।
প্রধানমন্ত্রী বলেন, এ ছাড়া আজ খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেড এ মাহমুদকে হত্যার জন্য গুলি করা হয়েছে। গুলি ল্যভ্রষ্ট হলে একজন পথচারী নিহত হন। তিনি অবিলম্বে খুনিদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন এবং স্থানীয় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান। শোকবার্তায় প্রধানমন্ত্রী শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় নিজ বাড়িতে দুষ্কৃতকারীদের গুলিতে লিটন নিহত হন।
তবে কারা গুলি করেছে- এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিউর রহমান।
ঘটনার পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে সরকারি গাড়িতে করেই সংসদ সদস্য লিটনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শরীরজুড়ে রক্ত ছিল। চোখ বন্ধ ছিল। কিছু পরে হাসপাতালে ছুটে আসেন সংসদ সদস্যের আত্মীয়স্বজনরা। একে একে আসতে শুরু করেন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২০১৫ সালের ২ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এক শিশুকে গুলি করে সারা দেশে সমালোচনার মুখে পড়েন এমপি লিটন। তিনি তাঁর লাইসেন্স করা পিস্তল দিয়ে গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভকে গুলি করেন।
এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। এ ছাড়া এমপি লিটনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৬ অক্টোবর আরেকটি মামলা করেন সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহাবাজ গ্রামের হাফিজার রহমান।
ওই ঘটনায় মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন এমপি লিটন। ওই বছরই আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যান। পরে জামিনে মুক্তি পান। লিটন এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পেশায় ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (মেরিন)। তিনি আনন্দ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক।





