আজ ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি—বর্ডার গার্ড বাংলাদেশ) বিদ্রোহের ১৪ বছর। তৎকালীন বিডিআর সদর দফতরে সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যাযজ্ঞের ১৪ বছর শোকাবহ পিলখানা বিডিআর বিদ্রোহ দিবস। এ ঘটনায় বিচারিক আদালত ও হাইকোর্টে হত্যা মামলার রায় হলেও এখনও আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আছে। আর, বিস্ফোরক আইনে করা অপর মামলাটির ১৪ বছরেও তেমন কোনো অগ্রগতিই হয়নি।
পিলখানা ট্র্যাজেডির ভয়াবহ নৃশংসতার পর, হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে আলাদা দুটি মামলার বিচার শুরু হয় একসাথে। বিচারিক আদালত ও হাইকোর্ট দু’জায়গাতেই হত্যা মামলার বিচার শেষ হয়েছে। এখন অপেক্ষা, আপিল বিভাগে চূড়ান্ত আইনি লড়াইয়ের। তবে নিম্ন আদালতে ঝুলে আছে বিস্ফোরক আইনে করা মামলাটি। যদিও এরইমধ্যে কেটে গেছে ১৪ বছর।
তাই হত্যা ও বিদ্রোহ মামলায় খালাস মিললেও কারাগার থেকে বের হতে পারছেন না, দুই শতাধিক আসামি। এ মামলায় আপিল শুনানির জন্য ফের বিশেষ বেঞ্চ গঠন করে দ্রুত চূড়ান্ত নিষ্পত্তির দাবি জানিয়েছেন, আসামিপক্ষের আইনজীবীরা।
আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট ডিভিশনে বিডিআর হত্যাকাণ্ডের বিচার যেভাবে হয়েছে; আমার মনে হয় আপিল ডিভিশনেও একটা বেঞ্চ হওয়া দরকার। বেঞ্চ গঠন করা ছাড়া এটিও শুনানির আর কোনো উপায় আছে কী না-এটা আমি ঠিক বুঝতে পারছি না। তবে এটা মাননীয় প্রধান বিচারপতির বিবেচনার ওপর নির্ভর করে।
অ্যাটর্নি জেনারেল বলছেন, এ বছর আপিল শুনানি শুরু করবে রাষ্ট্রপক্ষ। তার আশা, ২০২৩ সালেই মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হবে। জানান, ১৩৯ জনের ফাঁসি বহালের পাশাপাশি যাদের সাজা কমানো হয়েছে; সে বিষয়ে শক্ত অবস্থান নেবে রাষ্ট্রপক্ষ।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, পুরো ব্যাপারটা তো আর আমার ওপর নির্ভর করে না। এটা আদালতের ওপর নির্ভর করে। আদালত যেভাবে পারেন নির্ধারণ করবেন। আর, আমাদের এই মামলাটা শুনানির জন্য আপিল বিভাগে পর্যাপ্ত সংখ্যক বিচারক ছিলেন না। এখনও আমাদের ৮ জন বিচারক আছেন আশা করি এখন এটা শুনানি করা যাবে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন পিলখানা বিডিআর(বর্তমানে বিজিবি) সদর দফতরে বিপথগামী সদস্যরা কিছু দাবি-দাওয়ার নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে পিলখানায় নারকীয় তাণ্ডব চালায়। ওই দুই দিনে বাহিনীর তখনকার মহাপরিচালকসহ (ডিজি) বিদ্রোহীরা ৫৭ জন সেনা কর্মকর্তা এবং নারী ও শিশুসহ আরও ১৭ জনকে নৃশংসভাবে হত্যা করে। দীর্ঘ ১৪ বছরেও ওই নির্মম হত্যাকাণ্ডের শোক কাটিয়ে উঠতে পারেননি নিহতদের স্বজনরা।
পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ ব্যক্তিবর্গের স্মরণে আজ শনিবার শাহাদতবার্ষিকী পালন করবে বিজিবি। সকাল ৯টায় বনানী সামরিক কবরস্থানে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনবাহিনীর প্রধানগণ (সম্মিলিতভাবে) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও বিজিবির মহাপরিচালক (একত্রে)। এছাড়াও বিজিবি’র সব রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান ও ইউনিটের ব্যবস্থাপনায় বাদ ফজর খতমে কোরআন, বিজিবির সব মসজিদে এবং বিওপি পর্যায়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
পরদিন রবিবার (২৬ ফেব্রুয়ারি) পৌনে পাঁচটায় পিলখানার কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ ব্যক্তিবর্গের রুহের মাগফিরাতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, বিজিবি মহাপরিচালক, শহীদ ব্যক্তিবর্গের নিকটাত্মীয়, পিলখানায় কর্মরত সব অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবির সৈনিক এবং বেসামরিক কর্মচারী-কর্মকর্তারা উপস্থিত থাকবেন।




