শূন্য সহিষ্ণুতা নীতিতে অটল শেখ হাসিনা সরকার: কাদের

দুর্নীতিবাজ যেই হোক, শেখ হাসিনা সরকার শূন্য সহিষ্ণুতা নীতিতে অটল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী অবস্থান এবং তার ব্যক্তিগত সততা দেশ-বিদেশে সমাদৃত ও প্রশংসিত।  বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আজ (সোমবার) তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।  বিএনপি দুর্নীতিতে পরপর ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, লুটপাটের জন্যই নির্বাচন ও রাজনীতিতে জনগণের কাছে তারা প্রত্যাখ্যাত। তাই বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হাস্যকর। করোনা সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে বিএনপি তাদের চিরাচরিত নালিশের রাজনীতি আঁকড়ে ধরে আছে এবং এই করোনাকালেও তারা আজগুবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বলেও জানান ওবায়দুল কাদের।  তিনি বলেন, তাদের কথা শুনে মনে হয় পূর্ণিমার রাতেও বিএনপি অমাবশ্যার অন্ধকার দেখতে পায়।

বিএনপিকে বিভাজন ও বৈরিতার রাজনীতি পরিহার করে করোনা প্রতিরোধের লড়াইয়ে সহযোগিতা করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

যশোর ও বগুড়া উপনির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। সরকারের এতে কোনো হাত নেই।

তিনি বলেন, করোনাকলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বিশ্বের অনেক দেশেই জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন হছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দিনদিন সরকার সুরক্ষাসামগ্রী বাড়াচ্ছে, ভেন্টিলেশন ব্যবস্থা, ডাক্তার সংখ্যা বৃদ্ধি করছে। সরকারের সমন্বিত ও দক্ষতার কারণেই এসব হচ্ছে অথচ বিএনপির কার্যক্রম শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।