ডেস্ক রিপোর্ট: শঙ্কায় রয়েছেন শিয়া সম্প্রদায়, তাদের উপর একের পর এক হামলার ঘটনায় তারা শঙ্কিত। তবে, ঘটনা তদন্তে সরকারের সদিচ্ছাকে স্বাগত জানিয়েছেন এ সম্প্রদায়ের নেতারা।
এদিকে, ভিন্নমত পোষণ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতাকে দায়ী করেছেন অপরাধ বিজ্ঞানীরা। তারা বলছেন, কোনো ঘটনার আগে বিভিন্ন বাহিনীকে সজাগ থাকতে দেখা না গেলেও ঘটনা পরবর্তী সময়ে অনেক বেশি তৎপর হয় তারা।
বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জের একটি শিয়া মসজিদে নামাজের সময় মুসল্লিদের উপর হামলার ঘটনায় আবারো আলোচনায় আসে শিয়া সম্প্রদায়। এর আগে, হামলা হয়েছিল গত ৯ মহররম পবিত্র আশুরার আগের রাতে।
হঠাৎ করেই নির্দিষ্ট এ সম্প্রদায়ের ওপর হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে বলে মনে করেন ধর্মীয় নেতারা।
হোসেইনী দালান ম্যানেজমেন্ট কমিটির মুখপাত্র সৈয়দ বাকের রেজা মজলুম বলেন, ‘বাইরে থেকে এসে হামলা করে নামাজি ভাইকে হত্যা করল, এর অর্থ কি বোঝায়? সে কি নামাজ পড়তে দিতে চায় না? সে কি নামাজের স্বপক্ষে করছে না কি বিপক্ষে করছে এটা বুঝতে হবে।’
তিনি বলেন, ‘শঙ্কামুক্ত, তা কেউ বলেতে পারে না। তারপরও আমরা মনে করি সরকার যথেষ্ট চেষ্টা করছে।’
হোসেনি দালানে হামলার ঘটনার পরিকল্পনাকারীসহ বেশ কয়েকজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তবে, পুলিশের দাবি, মূল পরিকল্পনাকারী বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে। পরিকল্পনাকারী জীবিত থাকলে এ বিষয়ে আরো তথ্য পাওয়া যেত- এমনটাই মনে করেন শিয়া নেতারা।
সৈয়দ বাকের রেজা মজলুম বলেন, ‘মূল পরিকল্পনাকারী যে মারা গেছে সে যদি জীবিত থাকত তাহলে কারা এ ঘটনা ঘটিয়েছে জানতে পারতাম। আরও কারা কারা জড়িত আছে। ভবিষ্যতে তারা এ ঘটনা ঘটাবে কিনা। সারা বাংলাদেশে তাদের নেটওয়ার্ক কি, সব আমরা জানতে পারতাম। এখন সে মারা গেছে তাই জানার প্রশ্ন অমূলক।’
এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সজাগ হওয়ার পরামর্শ অপরাধ বিজ্ঞানীদের।
নিরাপত্তা বিশ্লেষক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, ‘যখন একজন মূল পরিকল্পনাকারী বন্দুকযুদ্ধে মারা যায় তখন আমরা বুঝতে পারি আসল ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আড়াল করতে এটা করা হচ্ছে। বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ার বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এই ঘটনাগুলোর একই গল্প। এই সন্ত্রাসী কিন্তু পুলিশ কিংবা র্যাবের হেফাজতে ছিল। সুতরাং এটা কোন সমাধান নয়।’
এদিকে, বগুড়ার শিয়াদের উপর হামলার পর রাজধানীর হোসেনি দালান এলাকায়ও নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।