জাহিদুল ইসলাম সেতু, মহম্মদপুর(মাগুরা) প্রতিনিধি: মাগুরা মহম্মদপুর আড়মাঝি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাফর মোল্যার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগ উঠেছে । এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষোভের এক পর্যায়ে স্থানীয়রা একতাবদ্ধ হয়ে ওই স্কুল শিক্ষকের অপসারনের দাবিতে স্কুলে জড় হয়। পরে তাদেরকে শান্ত করে তাদের নিকট থেকে লিখিত অভিযোগ গ্রহন করে স্কুল কর্তৃপক্ষ । তবে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য এবং ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছেন স্থানীয় কিছু লোকজন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই স্কুলের শিক্ষক আবু জাফর মোল্যা বিভিন্ন সময় স্কুল ছাত্রীদের যৌন হয়রানী করে আসছিল। লোকলজ্জার ভয়ে ওই সব ছাত্রীদের অভিভাবকরা বিষয়টি চেপে যেতেন।
সম্প্রতি এক ছাত্রীকে যৌন হয়রানী করলে বিষয়টি প্রকাশ পায়। একে একে বেরিয়ে আসতে থাকে স্কুল শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের কথা।
পঞ্চম শ্রেণির কয়েকজন ছাত্রীর সাথে কথা বলে জানা যায়, শিক্ষক আবু জাফর মোল্যা প্রায়ই তাদের (ছাত্রীদের) জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। এছাড়া পাঠদানকালে ছাত্রদের ক্লাস থেকে বের করে দিয়ে ছাত্রীদের খারাপ ছবি দেখান ও ফোনের মাধ্যমে অশ্লিল ভিডিও দেখান অনেকদিন ধরে। তারা স্যারের ভয়ে বিষয়টি কাউকে বলতে সাহস পায় না। ওই বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে তিনি এ ভাবে যৌন হয়রানী করেছেন বলে অভিযোগ রয়েছে।
এক শিক্ষার্থীর অভিভাবক নায়েব আলী বলেন, ছাত্রীরা স্কুলে গেলে শিক্ষক আবু জাফর মোল্যা তাদের শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। ছাত্রীরা ভয়ে এতদিন কাউকে কিছু না বললেও এখন ঘটনা প্রকাশ পেয়েছে। আমরা ওই দুশ্চরিত্র শিক্ষকের বিচার চাই।
মনিরুল নামে অপর এক অভিভাবক বলেন, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময় ছাত্রীদের যৌন হয়রানী করে আসছে বলে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর সুষ্ঠ বিচার হওয়া উচিত।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি এবং শিক্ষা অফিসারকে অবহিত করেছি । তবে ঘটনার সত্যতা মিললে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগের ব্যাপারে আবু জাফর মোল্যার সাথে কথা বলতে স্কুলে গেলে তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে স্কুল থেকে পালিয়ে যান।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো: রেজাউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক অভিযোগের বিষয়টি জেনেছি এবং শিক্ষা অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোশাররফ হোসেন বলেন, আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং ওই স্কুল পরিদর্শন করেছি। ওই স্কুলে গিয়ে ছাত্রীদের সাক্ষাতকার নিয়ে এসেছি। আপাতত তাকে ওই স্কুল থেকে সরিয়ে মৈফুলকান্দি স্কুলে পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত করে বিভাগীয় পর্যায়ে ব্যাবস্থা গ্রহন করা
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, এমন কোন অভিযোগ পাইনি।
মহম্মদপুর থানার ওসি মো: তরীকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি তবে লিখিত কোন অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।