লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিকদলের সভাপতি মনির আহম্মদ রাজন নামে এক নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সিনিয়র নেতাদের সঙ্গে অশোভন আচরণ এবং মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। তার এসব বেপরোয়া কর্মকাণ্ডে দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা জানান, অভিযুক্ত রাজন দীর্ঘদিন ধরে এলাকায় নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিভিন্ন সময় তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, জোরপূর্বক জমি দখল এবং শালিস বাণিজ্যের অভিযোগ উঠেছে। এসব কারণে দলীয় নেতাকর্মীদের মাঝেও তাকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে।
নেতাকর্মীরা আরও জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব আব্দুর রাজ্জাক রিংকুকে আশ্রয়-প্রশ্রয় দেন রাজন। এমনকি তিনি রিংকুর ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেলটি ব্যবহার করছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের একাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি এলাকায় একটি নিজস্ব বাহিনী গড়ে তুলছেন, যা দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থী বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় নেতাদের দাবি, রাজনের এসব কর্মকাণ্ডে দলীয় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের ভোট বিপর্জয়ের পেছনেও তার অপকর্ম ও বিতর্কিত ভূমিকা দায়ী বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত রাজনের বিরুদ্ধে একাধিক নেতাকর্মীর ওপর হামলা ও অসদাচরণের অভিযোগ রয়েছে। সম্প্রতি ইউনিয়ন যুবদল নেতা আল আমিনের সঙ্গে রাজনের বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য চন্দ্রগঞ্জ পাবলিক হলে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা একটি বৈঠকে মিলিত হন। তবে বৈঠকের এক পর্যায়ে রাজন উত্তেজিত হয়ে ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে খারাপ আচরণ করেন।
লিখিত অভিযোগে যৌথভাবে স্বাক্ষর দেন, চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি আলী করিম, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর হোসেন হারুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ স্বপন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শিব্বির আহম্মদ শিবলু, যুবদল নেতা আমির হোসেন ইলিয়াস, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রায়হান, ইউনিয়ন যুবদলের সদস্য আল আমিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসেনুর জামান রাসেল প্রমুখ।
দলীয় নেতাকর্মীরা জানান, এর আগে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মরহুম মাইন উদ্দিন হামিম, জেলা শ্রমিকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হান্নান ভুঁইয়া, চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্ল্যা, শ্রমিকদল নেতা আবুল কাশেম এবং যুবদল নেতা আল আমিনসহ বেশ কয়েকজন নেতাকর্মীর ওপর তিনি হামলা করেছেন এবং অনেকের সঙ্গে অশোভন আচরণ করেছেন ।
তার একের পর এক বিতর্কিত ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্থানীয় নেতাকর্মীরা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কঠোর অবস্থান নিয়েছেন এবং দলীয় শৃঙ্খলা রক্ষার্থে তাকে সংগঠন থেকে বহিষ্কারের জন্য জোরালো দাবি জানিয়েছেন।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা আল আমিন জানান, আমার সাথে রাজনের ব্যক্তিগত কোন দন্ধ নেই। সে কয়েকদিন যাবত আমার সাথে খারাপ আচরণ করে আসছিল। একপর্যায়ে সে আমার গায়ে হাত তোলে। আমি আমাদের সিনিয়র নেতাদের বিষয়টা অবগত করি। পরবর্তীতে আমার সঙ্গে বিরোধ মেটাতে চন্দ্রগঞ্জ পাবলিক হলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বসেছিলেন। কিন্তু সেখানে রাজন সিনিয়র নেতাদের সঙ্গেও অশোভন আচরণ করেন, যা আমাদের জন্য বিব্রতকর। এমন আচরণ দলের শৃঙ্খলার পরিপন্থী।
চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যাহ
বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা গণস্বাক্ষর দিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। সিনিয়র নেতাদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ বলেন,
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সিনিয়র নেতাদের সঙ্গে অশোভন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বৈঠকের সময় আমার সঙ্গেও সে বেয়াদবি করেছে, যা অত্যন্ত দুঃখজনক। তাই তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কবির বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সিনিয়র নেতাদের সঙ্গে অশোভন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণস্বাক্ষর দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। দলের ভাবমূর্তি রক্ষায় দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনির আহম্মদ রাজনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।