নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে আরো ৪৭ মিলিয়ন ডলার দেবে আমেরিকা। খবর বাসসের। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বুধবার মিয়ানমার সফরকালে এ ঘোষণা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, বুধবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে ওই ঘোষণাটি দেয়া হয়।
এ ঘোষণার পর আগস্ট ২০১৭ থেকে শরণার্থী সংকট মোকাবেলায় বাংলাদেশকে দেয়া আমেরিকার সহায়তার পরিমাণ দাঁড়ালো মোট ৮৩ মিলিয়ন ডলারে।
বাংলাদেশের মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনায় নিয়োজিত আন্তর্জাতিক অংশীদার সংস্থাগুলোর কাছে এই সহায়তা পৌঁছানো হবে। যার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল অরগ্যানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম), ইউএন হাই কমিশনার ফর রিফিউজিস (ইউএনএইচসিআর), ইউএন চিলড্রেনস ফান্ড (ইউনিসেফ) এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)।
এসব সংস্থা মিয়ানমারে রাখাইন রাজ্য থেকে উচ্ছেদ হওয়া ছয় লাখেরও বেশি রোহিঙ্গার সুরক্ষা, জরুরি আশ্রয়, খাদ্য ও পুষ্টি সহায়তা, স্বাস্থ্য সেবা ও মনস্তাত্ত্বিক এবং সামাজিক সহায়তা প্রদান করছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টিলারসন বলেছেন- এই বিপর্যয়ের মানবিক সঙ্কটের মাত্রা ভয়াবহ। বাংলাদেশে পালিয়ে যাওয়া ছয় লাখেরও বেশি রোহিঙ্গা যাদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া অভ্যন্তরীণভাবে আরো অজানা সংখ্যক বাস্তুচ্যুত রয়েছে যাদের পর্যাপ্ত খাদ্য, পানি ও আশ্রয়ের অভাব রয়েছে।
তিনি বলেন, বিশ্বব্যাপী মানবিক উদ্যোগের জন্য আমেরিকা সবসময়ই নিবেদিত এবং রোহিঙ্গাদের সাহায্য করার জন্য আমাদের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই তহবিল বিতরণ করতে পেরে আমেরিকা গর্বিত।



