ক্রীড়া ডেস্ক: আগামী ১১ জানুয়ারি ফিফা ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করা হবে। ওই পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকায় আছেন- লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার।
তবে ব্যালন ডি’অরের আগে অন্যদের পেছনে ফেলে ভিন্ন একটি পুরস্কার শোকেসে তুলেছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। ফুটবলারদের মধ্যে সেরা হেয়ার স্টাইলের জন্য স্যালুন ডি’অর পুরস্কার জিতেছেন তিনি।
গোলডটকমের ৭ হাজার পাঠকের ২৫ শতাংশের ভোট পেয়ে সেরা নির্বাচিত হয়েছেন এই পর্তুগিজ তারকা।
সেরা হওয়ার দৌড়ে রোনালদোর ঠিক পেছনেই রয়েছেন বার্সেলোনা তারকা নেইমার। ১৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল অধিনায়ক। বিভিন্ন সময়ে বিচিত্র সব হেয়ার স্টাইলে ভক্তদের নজর কাড়েন তিনি। ১১ শতাংশ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে গ্রাজিয়ানো পেল্লে। চমৎকার হেয়ার কাটের সুবাধে এই তালিকায় আসেন সাউদাম্পটনের এই স্ট্রাইকার।
গত বছরও স্যালুন ডি’অর পুরস্কার জেতেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেবার হেয়ার স্টাইলের জন্য আন্দ্রে পিরলো ও নেইমারকে পেছনে ফেলেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার।




