স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে একটি রাস্তা নিম্ন মানের ইট আর বালি দিয়ে তৈরি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দেয় গত সপ্তাহে।
নিম্ন মানের বালি ও ইট সরিয়ে নিয়ে নতুন করে ভাল ইট ও বালি দেওয়ায় শনিবার আবার সেই রাস্তার কাজ শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। রাস্তাটির কাজের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম। জানা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ২০১৯-২০ অর্থ বছরের বাস্তবায়নের জন্য গ্রামীন রাস্তাসমুহ টেকসইকরনের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) করন প্রকল্পে উপজেলার জামাল ইউনিয়নের বড় ডাউটি পিস রাস্তা হতে নাকোবাড়িয়া অভিমুখে বিএইচবিবি করন (৫০০ মিটার) এবং কোলা ইউনিয়িনের সড়াবাড়িয়া পিচ হতে আরব আলীর বাড়ি পর্যন্ত আরো ৫০০ মিটারসহ ১ কিলোমিটার রাস্তা তৈরির কাজ পান ঝিনাইদহের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কাজী মাহবুবুর রহমান।
এই রাস্তাটি ব্যায় ধরা হয় ৫২ লাখ ১৩ হাজার ৬শ টাকা। গত সপ্তাহে এই রাস্তাটির কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু এলাকা থেকে অভিযোগ আসে রাস্তায় একেবারে নিম্ন মানের ইট আর বালি দিয়ে রাস্তার তৈরি করা হচ্ছে। খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ হেল আল মাসুম ঘটনাস্থলে গিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয় এবং ঠিকাদারী প্রতিষ্ঠানকে ভাল ইট আর বালি আনার নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, শনিবার ভাল মানের ইট আর বালি আনায় রাস্তার কাজ করার অনুমতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি নিজে গিয়ে ইট ও বালি পরিক্ষা করেছি। এবার ভাল রাস্তা হবে ।

