মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের মহিলা মার্কেট ভাড়াটিয়া পুরুষ দোকানদারদের দখলে বলে অভিযোগ উঠেছে। সংবাদ পেয়ে মার্কেটে গিয়ে দেখা যায় মহিলা মার্কেটে বর্তমান পুরুষ দোকানদাররা ব্যবসা করছে।
জানা যায় ২০০৭ ইং সনে আড়পাড়া, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সুপারিশক্রমে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার কামারখালী ইউনিয়নের দুঃস্থ অসহায় মহিলাদের সহায় করার জন্য কামারখালী বাজারে মহিলা মার্কেট প্রতিষ্ঠিত করে ৫ জন মহিলাকে পাঁচটি দোকান বরাদ্ধ দেওয়া হয়। এরা হলেন-(১) কমলা রানী শীল (২) আখিরন নেছা (৩) আলেয়া বেগম (মিরা) (৪) মাধুরী রানী সাহা (৫) কাজী আজমেরী। এরা প্রতিমাসে ১২০টাকা করে কামারখালী তহশীল অফিসে জমা দেয়।
এইভাবে ১৯-০১-২০১৫ইং সন পর্যন্ত সরকার ভাড়া নেয় এরপর আর কেহ ভাড়া নেয় না। কোন খবরও নেয় না। এই সুযোগে একমাত্র কমলা রানী শীল ব্যতিত সবাই মাসিক ১৫০০ (এক হাজার পাঁচ শত টাকা) করে অন্যত্র পুরুষ ব্যবসায়ীদের নিকট ভাড়া দেয়। যাহা সরকারের চরম ক্ষতি বলে ধারনা করা হয়। এ ব্যপারে কামারখালী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল বলেন মহিলা মার্কেট এখন প্রভাবশালীদের দখলে।
তাই কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট দুঃস্থ অসহায় মহিলাদের দাবী যারা ব্যবসা করে না তাদের নাম বাদ দিয়ে অন্যত্র বরাদ্ধ দেওয়া হোক যাতে কিছু অসহায় মহিলা মানুষ ব্যবসা করে সাবলম্বী হতে পারে এবং সরকারের ঘরে কিছু অর্থ জমা হয়।



