বিশেষ প্রতিবেদকঃ রাসায়নিক হামলার ভয়ে পুরো ইউরোপ এখন আতঙ্কিত। বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে ইউরোপোলের প্রধান, হামলার শঙ্কার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার জন্য বলেছেন। একই কথা বলছেন ইউরোপীয় ইউনিয়ন-ইইউর নেতারাও।
এদিকে সরকার হামলার মূল পরিকল্পনাকারী আবদেল হামিদ আবাউদ নিহত হবার খবর নিশ্চিত করলেও, এখনও হামলার সাথে সম্পৃক্ত সন্দেহভাজন অন্যান্যদের খুঁজছে ফরাসি পুলিশ।
কিছুদিন পরই বড়দিন। তবে প্যারিসে সন্ত্রাসীদের হামলার ঘটনা মলিন করে দিয়েছে ফরাসিদের বড়দিনের আনন্দ। দুঃসহ সেই স্মৃতি ফরাসিদের ভুলিয়ে দিতে বৃহস্পতিবার চ্যাম্পস এলিসিস এভিনিউতে এমন আলোকসজ্জা করা হয়। এভিনিউ পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের স্মরণে অন্যান্য আনুষ্ঠানিকতা আপাতত বন্ধ রাখা হলেও বড়দিন যে আসছে তা মনে করিয়ে দিতেই নানা রঙের আলোয় জ্বলে উঠেছে চারপাশ।
একদিকে যখন চলছে পরিস্থিতি স্বাভাবিক করার এমন চেষ্টা, তখন অন্যদিকে বাড়ানো হয়েছে জরুরি অবস্থার মেয়াদ। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে পার্লামেন্টের অধিবেশনে ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস আবার জানিয়েছেন, সন্ত্রাসীদের রাসায়নিক হামলার আশঙ্কায় এখন তারা।
ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস বলেন, ‘ইরাকে বা সিরিয়ায় যা হয়েছে তার জন্য আমাদের উপর হামলা হয়নি। হামলা হয়েছে কারণ হামলাকারীরা আমাদের মতাদর্শের বিরুদ্ধে। আর তারা এখানেই থেমে থাকবে না। কোনো কিছুই আমাদের উড়িয়ে দেওয়া ঠিক হবে না। এখানে রাসায়নিক বা জীবাণু অস্ত্রের হামলাও হতে পারে।’
একই আশঙ্কার কথা জানিয়েছেন ইউরোপোলের প্রধানও। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ইতালির রোমে এবং মিলানে হামলা হতে পারে এমন তথ্য জানালে সন্দেহভাজন ৫ জনকে ধরতে সেখানেও চলছে অভিযান। তবে নিজ দেশে হামলার আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছে এফবিআই।
এফবিআই প্রধান জেমস কমি বলেন, ‘আমরা সতর্ক রয়েছি, নজরদারিও বাড়িয়েছি। কিন্তু প্যারিসের মত কোনো হামলার আশঙ্কা আমাদের নেই।’
এদিকে ফরাসি সরকার অবশেষে প্যারিস হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী আবদেল হামিদ আবাউদের পুলিশি অভিযানে নিহত হবার খবর নিশ্চিত করেছে। তবে এখনও হামলার সাথে সম্পৃক্ত সন্দেহভাজন অন্যান্যদের ধরতে অভিযান চলছে।