অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন প্রভাতফেরির প্রথম প্রহরে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শহীদ মিনারে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এরপর স্পিকার ও প্রধান বিচারপতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারপর একে একে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা, কূটনৈতিক মিশনের প্রধানগণ, রাষ্ট্রদুতগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
১২টা ১৪ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয়।