আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া সিরিয়ায় আসাদবিরোধীদের লক্ষ্য করে বিমান হামলা বন্ধ করেছে। তবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) আল কায়েদার সিরিয়া শাখা নুসরা ফ্রন্টের বিরুদ্ধে এ হামলা অব্যাহত থাকবে।
জাতিসংঘের মধ্যস্থতায় এবং মস্কো ও ওয়াশিংটনের উদ্যোগে চলমান শান্তি আলোচনার লক্ষ্যে সিরিয়ায় যুদ্ধরিবরতি চুক্তি কার্যকর করতে এই বিমান হামলা বন্ধ করল রাশিয়া।
গত বছরের সেপ্টেম্বর থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নিয়ে দেশটিতে বিমান হামলা পরিচালনা করে রাশিয়া। ওই হামলার পর নাটকীয়ভাবে দেশটির যুদ্ধ পরিস্থিতি বদলাতে থাকে। আসাদবাহিনী একের পর এক বিদ্রোহী ও আইএসের হাতে হারানো অঞ্চল পুনর্দখল করতে সক্ষম হয়।
রাশিয়ার বিমান বাহিনীর জেনারেল স্টাফের জ্যেষ্ঠ মুখপাত্র লে. জেনারেল সের্গেই রুদস্কোই বলেছেন, ‘যুদ্ধবিরতি চুক্তির অনুরোধ আসার পর গ্রিন জোনে আমাদের বিমান হামলা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।’
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগে অনুষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে সিরিয়ার অধিকাংশ এলাকায় সরকার ও বিরোধীপক্ষ তাদের লড়াই বন্ধ রেখেছে।
গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব সদস্যের সর্বসম্মতিক্রমে সিরিয়ায় যুদ্ধবিরতি যুক্তি হয়। তাদের দাবি সব পক্ষ চলামান শান্তি আলোচনা এগিয়ে নিতে এ চুক্তি কার্যকরে ভূমিকা রাখবে। দামেস্কের স্থানীয় সময় মধ্যরাত থেকে (শুক্রবার ২২ জিএমটি) যুদ্ধবিরতি শুরু হয়েছে।
সিরীয় সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ থেকে আল জাজিরার প্রতিনিধি জানান, ‘পরিস্থিতি বর্তমানে শান্ত। অনেক বছর পর এই প্রথম কোনো গোলাগুলির শব্দ পাওয়া যায়নি। লাতাকিয়া বিমান ঘাঁটি থেকেও রাশিয়ার কোনো বিমান উড়ে যায়নি বা কোথায় হামলা চালায়নি।
সের্গেই রুদস্কোই আরো বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি হলেও রাশিয়া আইএস ও নুসরা ফ্রন্টের বিরুদ্ধে তাদের হামলা অব্যাহত রাখবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা একটি রোডম্যাপ পেয়েছি, যেখানে সরকারবিরোধীদের বিভিন্ন এলাকার উল্লেখ রয়েছে। ওই সব অঞ্চল বাদে আইএস ও নুসরা ইউনিটকে লক্ষ্য করে বিমান হামলা চলবে।
তিনি বলেন, ৭৪টি বিরোধী পক্ষের ছয় হাজার একশ যোদ্ধা যুদ্ধবিরতিতে একমত হয়েছে।
তথ্যসূত্র : আল জাজিরা অনলাইন।