রাশিয়াবিরোধী প্রচারণার অযুহাত দেখিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ ৬৩ নাগরিকের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি বুধবার এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার নিষেধাজ্ঞায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, প্রতিরক্ষা মন্ত্রী নোবুও কিশি, অর্থমন্ত্রী শুনিচি সুজুকি, বেশ কয়েকজন সংসদ সদস্য, সামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, জনপ্রিয় ব্যক্তিবর্গ, বিশেষজ্ঞ, সংবাদমাধ্যমের প্রথিতযশারা রয়েছেন। আরআইএ নভোস্তির প্রতিবেদনে বলা হয়, এরা সবাই রাশিয়াবিরোধী পশ্চিমা মনোভাব পোষণ করেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার প্রশাসন নজিরবিহীন রাশিয়াবিরোধী প্রচারণা চালিয়েছে এবং রাশিয়াবিরোধী অগ্রহণযোগ্য বক্তব্যের অনুমোদন দিয়েছে।
ইতালি সফররত জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘জাপান-রাশিয়া সম্পর্ককে এই পর্যায়ে আনার পেছনে রাশিয়াই দায়ী। সামরিক আগ্রাসন চালানোর মাধ্যমে রাশিয়া এমন পরিস্থিতি ডেকে এনেছে।’
প্রসঙ্গত, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর গত মার্চ মাস থেকেই রাশিয়ার ওপর বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করে জাপান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দ করাও রয়েছে এই নিষেধাজ্ঞার তালিকায়।





