রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গত জুলাই মাসে ফিনল্যান্ডে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

শেষ পর্যন্ত ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ সীমান্তরক্ষীরা ইউক্রেনের জাহাজ আটকের পর থেকেই পুতিনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের হুমকি দিয়েছিল ওয়াশিংটন। গতকাল বৃহস্পতিবার এক টুইট বার্তায় বৈঠক বাতিলের তথ্যের সত্যতা নিশ্চিত করেন ট্রাম্প। আর্জেন্টিনার বুয়েনস এইরেসে আসন্ন জি-২০ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-পুতিন বৈঠক হওয়ার কথা ছিল।

বিবিসি অনলাইন ও রয়টার্সের খবরে জানানো হয়, ট্রাম্প বলেছেন, গত রোববার ক্রিমিয়ার কাছে ইউক্রেনের জাহাজের দিকে রাশিয়ার বাহিনীর ফাঁকা গুলি ও তিন নাবিককে আটকের ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াকে নিজেদের অন্তর্ভুক্ত করে রাশিয়া। অবৈধভাবে রাশিয়ার জলসীমায় প্রবেশের অভিযোগে ইউক্রেনের দুটি গানবোট ও একটি টাগবোট আটক করে রুশ বর্ডার গার্ড। জাহাজে থাকা নাবিকদেরও আটক করে রাশিয়া। এ ঘটনার পরই হোয়াইট হাউস থেকে পুতিনের সঙ্গে বৈঠক বাতিলের কথা উঠেছিল।
এই বৈঠক বাতিলের ফলে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কে আবার নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রাম্প এমন একসময়ে এই সিদ্ধান্ত নিয়েছেন, যখন ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্পের পক্ষে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে যুক্তরাষ্ট্রে তদন্ত চলছে।

জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠক করবেন না জানিয়ে ট্রাম্প বলেন, ‘ওই ঘটনার পর রাশিয়া থেকে জাহাজগুলো এবং নাবিকেরা এখনো ইউক্রেনে ফেরেননি। এ অবস্থায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করাটাই সবপক্ষের জন্য ভালো হবে। এই পরিস্থিতি দ্রুত সমাধান হয়ে একটি অর্থপূর্ণ সম্মেলন অনুষ্ঠানের দিকে তাকিয়ে আছি আমি।’ অথচ এর ঘণ্টাখানেক আগেই সাংবাদিকদের কাছে পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘এই বৈঠকের জন্য এটা খুব ভালো সময়।’

অতীতে ট্রাম্প একাধিকবার বলেছিলেন, তিনি পুতিনের সঙ্গে উষ্ণ সম্পর্ক প্রত্যাশা করেন। ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে গত জুলাইয়ের ওই দুই নেতার বৈঠকে ট্রাম্প পুতিনের সমালোচনা না করায় নিজ দেশে তোপের মুখেও পড়েন।

ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেনকো। ছবি: রয়টার্সট্রাম্পের বৈঠক বাতিলের এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা আরআইএকে বলেন, ট্রাম্পের সিদ্ধান্তে ক্রেমলিন দুঃখ পেয়েছে এবং এ ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগ করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। পেসকভ বলেন, বৈঠক বাতিলের অর্থ আন্তর্জাতিক কিছু ইস্যুতে অনির্দিষ্টকালের জন্য আলোচনা স্থগিত হয়ে যাওয়া।

জ্যেষ্ঠ উপদেষ্টাদের পরামর্শে ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স।
আর্জেন্টিনার উদ্দেশে যাত্রার জন্য এয়ারফোর্স ওয়ানে ওঠার পর সেখানে তাঁকে এ বিষয়ে পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন। এই ইস্যুতে রাশিয়ার ব্যাপারে ট্রাম্পের চেয়ে তাঁর এই উপদেষ্টারা কঠোর মনোভাব প্রকাশ করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেনকো গতকাল পুতিনকে দোষারোপ করে বলেছেন, পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান। দুই দেশের অংশীদারত্ব থাকা সাগরে যুদ্ধজাহাজ মোতায়েনের জন্য উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ইউক্রেনের সঙ্গে মত পার্থক্য ও সিরিয়া যুদ্ধে মস্কোর ভূমিকার কারণে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কে বছরের পর বছর ধরে তিক্ততা চলছে।

ইউক্রেনের কিছু পশ্চিমা মিত্র দেশ এই ইস্যুতে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার বিষয়টি তুলেছে। এই নিষেধাজ্ঞা আরোপ হলে তা রাশিয়ার অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। এ ধরনের নিষেধাজ্ঞা আরোপে পশ্চিমা সমর্থন পেতে চাইছে ইউক্রেন।
ইউক্রেনের ‘জাহাজ আটক’ ইস্যুতে পুতিনকেই দুষছেন জার্মান চ্যান্সেলর ম্যার্কেল। তিনি বলেন, রাশিয়া বিনা কারণে ইউক্রেনের জাহাজ ও নাবিকদের আটকে রেখেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।