রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে স্বচ্ছতা খুবই দরকার

বিশেষ প্রতিবেদকঃ রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিকেল হেমনিতি উইনথার বলেছেন, ‘এ ধরনের প্রকল্পে স্বচ্ছতা খুবই দরকার।’ পরিবেশের ওপর প্রভাব বিবেচনায় নিয়ে প্রকল্প গ্রহণ অধিক যুক্তিযুক্ত বলে মন্তব্য করেন তিনি।

আজ জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন ডেনমার্কের রাষ্ট্রদূত।

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেমনিতি উইনথার বলেন, ‘আমি জানি বাংলাদেশে এটা বিতর্কিত বিষয়। বাংলাদেশের সরকার ও মানুষ যে সিদ্ধান্ত নিবে, নিচ্ছে বা নিয়েছে সেখানে আমি মন্তব্য করতে যাব না। আমরা মনে করি এ অবস্থায় যত বেশি পরিবেশের ওপর প্রভাব নিয়ে গবেষণা করা যায় তত ভালো।’

হেমনিতি উইনথার বলেন, ‘বিতর্ক আছে এমন প্রকল্পে প্রয়োজনে আন্তর্জাতিক ভাবে প্রতিষ্ঠিত বিশেষজ্ঞদের অভিমত নেওয়া যেতে পারে।’

বাংলাদেশ ও ডেনমার্কের উষ্ণ সম্পর্কের কথা তুলে ধরে ডেনিশ রাষ্ট্রদূত বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন যেমন বাড়াতে হবে তেমনি দুষণের হার কমাতে হবে।’ ডেনমার্কের গ্রিন এনার্জির অভিজ্ঞতা বাংলাদেশ  কাজে লাগাতে পারে বলে মনে করেন তিনি। এ ছাড়া সন্ত্রাসী হামলার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিশ্বের প্রতিটি দেশ এখন এ আশঙ্কার বাইরে নয়।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।