রাজনীতির ছোঁয়া ‘কাউন্টার ফটোগ্রাফি’ উৎসবে

বিনোদন ডেস্ক: ২১ নভেম্বর শনিবার সন্ধ্যায় আলোকচিত্র শিক্ষাপ্রতিষ্ঠান ‘কাউন্টার ফটো’র সপ্তাহব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিরপুর ক্যাম্পাসে সমকালীন রাজনৈতিক বিষয় ও নারীদের ওপর আঘাতের ওপর আঁকা দেয়ালচিত্র আঁকার মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। এ সময় ক্যাম্পাসের দেয়ালে আঁকা শিশির ভট্টাচার্যের একটি পেইন্টিং উন্মুক্ত করা হয়।

সপ্তাহব্যাপী আয়োজনের দ্বিতীয় দিন রবিবার বিকেল ৫টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের গ্যালারিতে উদ্বোধন করা হবে চিত্রপ্রদর্শনী। কাউন্টার ফটোর বিভিন্ন ব্যাচের ৭ জন শিক্ষার্থীর ৭০টি ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে। উদ্বোধন করবেন প্রখ্যাত আলোকচিত্রী আনোয়ার হোসেন। প্রদর্শনী চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

এর পরই বিশ্ব সাহিত্য কেন্দ্র অডিটোরিয়ামে রয়েছে অন্য আয়োজন। আলোকচিত্রী পাভেল রহমানকে এ সময় কাউন্টার ফটোর পক্ষ থেকে দেয়া হবে আজীবন সম্মাননা। এরপর আলোকচিত্রী আনোয়ার হোসেনকে দেয়া হবে প্রতিষ্ঠানটির আজীবন সদস্যপদ। সন্ধ্যায় পাভেল রহমান তার কাজের ওপর একটি প্রেজেন্টেশন দর্শকদের জন্য তুলে ধরবেন।

আগামীকাল সোমবার সকাল ১০টায় রয়েছে পোর্টফলিও রিভিউ অনুষ্ঠান। মিরপুর ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য এ প্রোগ্রামে অংশ নেবেন আবিদ আবদুল্লাহ (বাংলাদেশ), ফিলিপ ব্লেনকিনসপ (অস্ট্রেলিয়ান) এবং আরিআদনে ভেনদিভেন ( নেদারর্যান্ড)।

এ দিন বিকেল ৫টায় বিশ্বসাহিত্যকেন্দ্রে ভারতের আলোকচিত্রী নিমাই ঘোষ বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ওপর করা তার কাজের স্লাইড শো দেখাবেন। সন্ধ্যা ৬টায় রয়েছে জলবায়ু পরিবর্তনের ওপর দ্বীন মেহাম্মদ শিবলীর প্রেজেন্টেশন। এরপর রয়েছে ‘মেমোরিজ অব রানা প্লাজা : শেয়ারিং দ্য আদার ভয়েজ’ শীর্ষক আলোচনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আলোকচিত্রী আবীর আবদুল্লাহ, লেখক পাভেল পার্থ, আলোকচিত্রী তাসলিমা আখতার ও বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান।

পরদিন ২৪ নভেম্বর বিশ্বসাহিত্যকেন্দ্রে বিকেল ৫টায় রয়েছে সউদ আল ফয়সালের ‘ইন সার্চ অব বিউটিফুল পিকচার’ শীর্ষক প্রদর্শনী।

২৫ নভেম্বর বাল্যবিবাহ নিয়ে বিশ্বসাহিত্যকেন্দ্রে রয়েছে ব্যাপক আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য বিপ্লব চক্রবর্তীর ‘ম্যারিড স্টিল এ চাইল্ড’ শীর্ষক কার্টুন প্রদর্শনী। এদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়।

২৬ নভেম্বর উত্তরা ক্যাম্পাসে ২৪ জন শিক্ষার্থীর তোলা ছবি নিয়ে হবে প্রদর্শনী ‘এক্সিবিশন ২৪’। একই দিন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাইয়ের ওপর নির্মিত ডকুমেন্টরি প্রদর্শিত হবে। ছবিটি নির্মাণ করেছেন শুভেন্দু চ্যাটার্জি। এ ছাড়া প্রতিদিনই থাকছে আলোচনা সভা ও সেমিনার।

প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর আহমেদ রাসেল বাংলামেইলকে বলেন, ‘আমরা আলোকচিত্রের প্রাতিষ্ঠানিক পরিসরকে বাড়ানোর চেষ্টা করছি। আমরা আমাদের ক্যাম্পাস বাড়ানোর চেষ্টা করছি। একটি পূর্ণাঙ্গ আলোকচিত্র বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখি আমরা।’

২০১২ সালের ২৩ নভেম্বর যাত্রা শুরু করে আলোকচিত্র শিক্ষাপ্রতিষ্ঠান ‘কাউন্টার ফটোগ্রাফি’ যাত্রা শুরু করে। রাজধানীর মিরপুর এবং উত্তরাতে প্রতিষ্ঠানটির দুটি ক্যাম্পাস রয়েছে। চট্টগ্রামের লালখান বাজারে আগামী বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাস চালু হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।