বিশেষ প্রতিবেদক : রাজধানীর রমনা থানার বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজেরবিপরীত পাশে নির্মাণাধীন ১০ তলা একটি ভবনে মাচা ভেঙে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা ৩টার আগে দুর্ঘটনার সাড়ে ৩টার পর তিনজনকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
ওই তিন শ্রমিক হলেন সায়েম (২০), জয়নুল (২১) ও জাহাঙ্গীর (২৫)। তাঁদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ঢামেকে ওই তিন শ্রমিককে নিয়ে আসা সহকর্মী লিটন হোসেন জানান, তাঁরা নির্মাণাধীন ভবনটির লিফটের ফাঁকা জায়গায় মাচা বেঁধে কাজ করছিলেন। বেলা ৩টার আগে হঠাৎ সেই মাচা ভেঙে নিচে পড়ে যান সায়েম, জয়নুল ও জাহাঙ্গীর। এতে গুরুতর আহত হন তাঁরা। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত তিন শ্রমিকের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।