বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশে জঙ্গি কার্যক্রম পরিচালনার জন্য বিদেশ থেকে আন্তর্জাতিক মানের ব্যক্তি মালিকানাধীন সফটওয়্যার কোম্পানি ওয়ামীর মাধ্যমে জঙ্গি অর্থায়ন করা হতো। সেই টাকার ৪৭ শতাংশ অর্থ ওই কোম্পানির অবকাঠামো তৈরি, কর্মীদের বেতন-ভাতা এবং বাকি ৫৩ শতাংশ অর্থ জঙ্গিদের বিস্ফোরক দ্রব্য, গোলাবারুদ, কেমিক্যাল ও অন্যান্য কাজে খরচ করা হয়।
শনিবার দুপুরে রাজধানীর কাওরান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এর আগে জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করে র্যাব। তারা হলেন, মো. হেলাল উদ্দিন (২৯), মো.তাজুল ইসলাম (২৭), আল আমিন (২৩), মো. ফয়সাল ওরফে তুহিন (৩৭), মো. জাহেদুল্লাহ (২৯), আল মামুন (২০), মঈন খাঁন (৩৩), আল আমিন (২৩), আমজাদ হোসেন (৩৪), টলি নাথ (৪০) মো. নাহিদ (৩০)।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা, খুলনা ও রাজশাহী থেকে শুক্রবার রাতে র্যাব-৪ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন ও নথিপত্র উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ওয়ামী টেকনোলজি নামের একটি সফটওয়ার কোম্পানি বাংলাদেশে জঙ্গি অর্থায়নে কাজ করে যাচ্ছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জন ওয়ামী টেকনোলজিতে চাকরি করে এবং তারা পূর্বে আইব্যাক নামক একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিল।
মুফতি বলেন, র্যাবের নিজস্ব গোয়েন্দারা জানতে পেরেছে গ্রেপ্তারকৃতরা জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত। বিভিন্ন সময় তাদের কার্যক্রম মনিটরিং, জঙ্গি মনোভাব নিশ্চিত হয়েই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।



