রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার খেলার মাঠ সংলগ্ন একটি ছয়তলা হাজী মুসা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
হাজী মুসা ম্যানশন ভবনটির ছাদে অনেকেই আটকা পড়েছেন। আহত ও অসুস্থ অনেকেই রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। ওই এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিনগত রাত সোয়া ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস সদর দপ্তর।
সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরান ঢাকার আরমানিটোলা খেলার মাঠ সংলগ্ন বাবুবাজার ব্রিজের আগে একটি ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আমাদের ১৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানানো যাবে।





