শরীয়তপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী বলেছেন যে দেশের পারিবারিক বন্ধন যত বেশী শক্তিশালী সে দেশ তত বেশী উন্নত। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ গুলোতে স্বামী স্ত্রী বুঝাপড়ার কারনেই একে অপরের প্রতি সহনশীল ও আন্তরিক থাকেন। অপর দিকে নারী-পুরুষ উভয়ের আর্থিক অবস্থা উন্নত হওয়ায় পারিবারিক কলহ কম হয়।
মন্ত্রী রবিবার সন্ধ্যায় শরীয়তপুর পুলিশ লাইন্সে উইমেন এন্ড চাইল্ড সাপোর্ট সেন্টার এবং জেলা কমিউনিটি পুলিশং ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত দম্পতি মেলা ও মাদক বিরোধী কনসার্ট পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার, নারী বান্ধব সরকার। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও নারী উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। মা ও শিশু হার হ্রাস করে আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে প্রমান করেছেন বাঙ্গালী জাতি মাথা তুলে দাঁড়াতে জানে। শরীয়তপুরে দম্পতি মেলায় উপস্থিত জনতার উদ্দেশ্য করে বলেন, গ্রীস্মের তীব্র তাপদহের মাঝেও আমি বসন্তের হাওয়া অনুভব করছি। সকাল থেকে শরীয়তপুর জেলার বিভিন্ন শ্রেণীর পেশার দম্পতিরা এই মেলার সাফল্যের জন্য অংশ গ্রহন করেছেন তাদের সবাইকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
মন্ত্রী বলেন, মনে রাখবেন আদর্শ সন্তানের জন্য গর্বিত হন মা। একজন শিক্ষিত মা’ই পারেন একটি শিক্ষিত জাতি উপহার দিতে। পারিবারিক বন্ধন শক্তিশালী করার জন্য স্বামী স্ত্রী উভয়কেই আন্তরিক এবং সহনশীল হতে হবে। মনে রাখবেন বিবাহ একটি ছোট্ট গল্পের মতো। রবীন্দ্রনাথের ছোট গল্প শেষ হয়েও হয়না শেষ। তেমনি বৈবাহিক জীবন শুরু হয়ে সেখানে মিলন, বিরহ, আনন্দ বেদনা সবই থাকবে, তবে কেউ কাউকে ছেড়ে যাবেনা। মন্ত্রী শরীয়তপুরবাসীর বিভিন্ন দাবীদাওয়ার প্রেক্ষিতে বলেন, আগামী সপ্তাহে বেশ কিছু প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন হবে। সেখানে প্রথমেই শরীয়তপুরের জন্য বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করবো।
শরীয়তপুরের পুলিশ সুপার ও দম্পতি মেলার স্বপ্নদ্রষ্টা সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শরীয়তপুরে কৃর্তিমান সন্তান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক পিপিএম, বিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নাভানা আক্তার, ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শরিফুল ইসলাম বিপিএম, শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল প্রমূখ।
এরপূর্বে সকাল ১০টায় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক স্বস্ত্রীক অনুষ্ঠানের অতিথিদের নিয়ে পায়রা ও বেলুন অবমুক্ত করন শেষে ফিতা মেলার শুভ উদ্বোধন করেন। দেশের প্রথম ব্যতিক্রমধর্মী এই দম্পতি মেলায় প্রায় তিন সহ¯্রাধিক দম্পতি সহ কয়েক হাজার শরীয়তপুরবাসী অংশ গ্রহন করেন।
অনুষ্ঠান শেষে সেরা দস্পতিদের মাঝে পুরস্কার তুলেদেন মন্ত্রী ও অতিথিবৃন্দ।