যশোর পুলিশ লাইনের আইসোলেশনে ১ ও হোম কোয়ারেন্টাইনে ৩ কনস্টেবল

যশোর পুলিশ লাইনের আইসোলেশনে ১ ও হোম কোয়ারেন্টাইনে ৩ কনস্টেবল

যশোর থেকে আবুল কালাম আজাদ :  যশোর পুলিশ লাইনে কর্মরত এক কন্সটেবলকে আইসোলেশনে পাঠানো হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ওই পুলিশ সদস্যকে লাইনে না বাড়িতে পৃথক করে রাখা হবে সে সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। তবে দ্রুতই সে সিদ্ধান্ত নেয়া হবে।

যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে একজন পুলিশ সদস্য ওই কন্সটেবলকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। জরুরি করোনা ইউনিটে শারীরিক পরীক্ষা শেষে সন্দেহজনক হওয়ায় তাকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের কাছে পাঠানো হয়। সেখান থেকে তাকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।

সূত্র অসুস্থ ওই কন্সটেবলের বরাত দিয়ে আরো জানিয়েছে, ওই কন্সটেবল পুলিশ লাইনে যে রুমে ছিলেন সেই রুমের ৬ সদস্যের মধ্যে একজনকে করোনা সন্দেহে ইতিপূর্বে ঢাকায় প্রেরণ করা হয়েছে। দুইজনকে হোম কোয়ারেন্টাইনে বাড়িতে পাঠানো হয়েছে এবং আজ এই কন্সটেবলকে হাসপাতালে আনা হয়েছে এবং হোম আইসোলেশনে পাঠানো হলো।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ বলেন, সন্দেহভাজন এক পুলিশ কন্সটেবলকে আজ হাসপাতালে আনা হয়। তার শরীরে করোনা ভাইরাসজনিত লক্ষণ থাকায় তাকে হোম আইসোলেশনে পাঠানোর নির্দেশ দিয়ে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, আপনারা আমার আগেই তথ্য জেনে যান। আপনার তথ্য সূত্র বলেন। খোঁজ নিয়ে পরে জানানো হবে।

জানতে চাইলে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, আজ জ্বর শ্বাসকষ্ট নিয়ে একজন কন্সটেবলকে হাসপাতালে পাঠানো হয়েছিল। তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠাতে বলা হয়েছে। তাকে পুলিশ লাইনে না বাড়িতে পৃথক করে রাখা হবে সে সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার ছুটির বিষয়টি দেখভাল করেন। তিনি একটি জরুরি সভায় আছেন। ফিরলে দ্রুতই সে সিদ্ধান্ত নেয়া হবে।

কতজন পুলিশ সদস্য হোম কোয়ারেন্টাইনে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার জানান, একজনকে ছুটিতে পাঠানো হয়েছে, আজকের বিষয়ে আমার জানা নেই খোঁজ নিতে হবে।

জানতে চাইলে পুলিশ সুপার আশরাফ হোসেন জানান, সামন্য জ্বর। কোথায় হোম কোয়ারেন্টাইন? কোথা থেকে তথ্য পান?

প্রসঙ্গত, এর আগে গত ১৯ মার্চ বেনাপোল ইমিগ্রেশনে দায়িত্বরত এক কন্সটেবলকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।