× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

যশোরের তরিকুল্লাহ ওয়াকফ এস্টেট এর মোতওয়াল্লীর মামলায় সর্বশান্ত ২০ পরিবার: রেহাই পাননি ওয়ারেশরাও

admin
হালনাগাদ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

যশোর অফিস:  যশোরের তরিকুল্লাহ বিশ্বাস ওয়াকফ এস্টেট এর মোতওয়াল্লীর বিরুদ্ধে বেরিয়ে আসছে দুর্নীতি ও অনিয়মের আরও ভয়ংকর তথ্য। তিনি শুধু দান করা সম্পতি থেকে উপার্জিত অর্থ লুটেপুটে খেয়ে ক্ষান্ত হননি, বেইমানি করছেন ভাইবোন ও অন্যান্য ওয়ারেশদের সাথেও। ওয়াকফ এস্টেট এর সহকারী প্রশাসক কামরুজ্জামানকে ম্যানেজ করে জোর করে মোতওয়াল্লী পদটি দখল করে অন্যান্যদের নামে মামলা দিয়ে হয়রানি করছেন। তার মামলায় সর্বস্ব হারিয়েছে অন্তত ২০ টি পরিবার।

নির্ভরযোগ্য একাধিক সুত্রে জানাগেছে, যশোরের দানবীর তরিকুল্লাহ বিশ্বাস জীবিত থাকালীন প্রায় সাড়ে ৩শ বিঘা জমি ওয়াকফ এস্টেট এর দামে লিখে দিয়ে যান। ওই সম্পতির উপর যশোরের দড়াটানা মাদ্রাসা ও জামে মসজিদসহ একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান,এইচ এম এম রোড়ের ৭/৮টি দোকান এবং শহর ও শহরতলীতে একাধিক স্থাপনা রয়েছে। বেশির ভাগ সম্পতি তরিকুল্লাহ বিশ্বাস মোতওয়াল্লী থাকাকালীন লীজ দিয়ে দেওয়া হয়। এছাড়া পরবর্তী ওয়ারেশদের মধ্যে কারা ওই সম্পতির মোতওয়াল্লী হবে ও কীভাবে সম্পতির থেকে উপার্জিত অর্থ মধ্যে বন্টন হবে তা বিস্তারিত দলিলে লিখে দেন। সম্পতির উপর নির্মিত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কীভাবে চলবে তারও বিশদ বর্ণনা করা হয়।

সুত্র বলছে,তরিকুল্লাহ বিশ্বাস এর মৃত্যুর পর কয়েক হাত বদল শেষে ওয়ারেশসুত্রে ওই সম্পতির মোতওয়াল্লী এম এ কুদ্দুস ওরফে বকুল নিযুক্ত হন। এর পর ধুরন্ধর বকুল ওয়াকফ এস্টেট এর সহকারী প্রশাসক কামরুজ্জামানকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে ওয়ারেশদের সাথে প্রতারণা শুরু করেন। তাদের মালিকানার অংশ না দিয়ে সমানতালে লুটপাট করে নিজের পকেট ভারী করেন। তার প্রতারণা থেকে রেহাই পায়নি ওয়াকফের কাছ থেকে লীজ নেয়া সম্পতির ভাড়াটিয়ারাও। ওয়াকফের সহকারী প্রশাসকের সাথে যোগসাজস করে ভাড়াটিয়াদের সাথে করা পূর্বের চুক্তিপত্রের স্বাক্ষর জালিয়াতি করাসহ বিভিন্ন অভিযোগ তুলে তাদের নামে মামলা ঠুকে দিয়েছেন। ওয়াকফের উদ্ধর্তন কর্মকর্তা তার পক্ষে থাকায় তিনি সফলও হয়েছেন। একাধিক ভাড়াটিয়াকে উচ্ছেদ করে ওই সম্পতি নিজে ভোগদখল করছেন। অবশ্য এর জন্য ওয়াকফ এস্টেট এর সহকারী প্রশাসক কামরুজ্জামানকে মোটা অংকের ঘুষ দিতে হয়েছে বলে সুত্রটি নিশ্চিত করেছে।

সুত্র বলছে, বকুলের দায়েরকৃত মিথ্যা মামলার ফাঁদে পড়ে সম্পতি হারানোসহ সর্বস্বান্ত হয়েছে জাকির হোসেন, এবিএম তোছাদ্দেক হোসেন, আব্দুলাহ হারুন ,তপন, বাবু, জাহিদ চাকলাদারসহ প্রায় ২০ টি পরিবার। সুচতুর বকুল কৌশলে ওয়াকফের কর্মকর্তাদের ম্যানেজ করে ক্ষেত্র তৈরী করে মামলায় জিতে গেছেন। একাধিক মামলা এখনো চলমান রয়েছে। যশোরের দড়াটানা মাদ্রাসা ও জামে মসজিদ কর্তৃপক্ষের নামেও মামলা করতেও পিছুপা হননি ধুরন্ধর মোতওয়াল্লী বকুল।

সুত্রবলছে, দানবীর তরিকুল্লাহ বিশ্বাস যে মহৎ উদ্দেশ্য নিয়ে ওয়াকফ এস্টেট এর নামে ওই সম্পতি দান করেছিলে বকুল মোতওয়াল্লী নিযুক্ত হওয়ার পর তা ভেস্তে যেতে বসেছে। সম্পতির লভ্যাংশ ধর্মীয় প্রতিষ্ঠানসহ অন্যান্য ওয়ারেশদের মধ্যে বন্টনের যে নির্দেশনা দলিলে উল্লেখ করা হয়েছে তার বিন্দুমাত্র দেয়া হয় না। উপরন্তু মামলার জালে ফেলে কেঁড়ে নেয়া হচ্ছে লীজকৃত সম্পতি। আপন ভাইবোনদের সাথে সম্পর্ক ছিন্ন করে উল্টো তাদের মামলার জালে ফেলে জোরপূর্বক মোতয়াল্লীর পদটি দখল করে রেখেছেন। ইতিমধ্যে ওয়াকফে দানকৃত ওই সম্পতির প্রকৃত ওয়ারেশ দাবি করে আদালতে মামলা দায়ের করেছেন বকুলের ভাই নুরুল ইসলাম বিদ্যুৎ ও ভাইজী নার্গিস আক্তার। তারা বকুলকে মোতওয়াল্লী থেকে অপসারণ করে নতুন মোতওয়াল্লী নিযুক্তের জন্য ওয়াকফ এস্টেট এর কাছে দাবি করছেন। ওই মামলায় হেরে যাওয়ার আশংকায় ঢাকা থেকে স্থানান্তর করে তিনি যশোরে নিয়ে এসেছেন। বর্তমানে মামলার বাদীদের নানাভাবে হয়রানি করছেন।

সুত্র বলছে, জেলা শহরগুলোতে ওয়াকফ এস্টেট এর তেমন বিস্তার নেই। যশোর ও নড়াইল দুই জেলার একজন হিসাব নীরিক্ষক কর্মকর্তা রয়েছেন। এছাড়া ঢাকায় প্রধান অফিসে খুলনা বিভাগের ওয়াকফ এস্টেট এর দেখভালের দায়িত্বে রয়েছেন সহকারী প্রশাসক কামরুজ্জামান। ধুরন্ধর বকুল প্রতিমাসে একবার ঢাকায় যাতাযাত করেন এবং তার উপার্জিত লভ্যাংশের একটা অংশ কামরুজ্জামানকে উৎকোচ দিয়ে আসেন বলে সুত্রগুলো জানিয়েছে। ওয়াকফের যশোরাঞ্চলের কর্মকর্তারও তার পকেটের লোক। ফলে তার অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার মত কেউ নেই। আর এ সুযোগে তিনি সীমাহীন অনিয়ম করে লাখ লাখ টাকা উপার্জন করছেন। বর্তমানে শহরের তসবীর সিনেমাহল এলাকায় একটি সম্পতি ওয়াকফের আওতায় নেয়া ও তা ভোগ দখলের চেষ্টা চালাচ্ছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বকুলের ভাই নুরুল ইসলাম বিদ্যুৎ জানান, ‘বকুল ওয়ারেশদের কোন খবর নেন না। সম্পতি থেকে প্রাপ্ত লভ্যাংশ একাই ভোগদখল করছেন। তাকে মোওয়াল্লী থেকে অপসারণ করে নতুন মোতওয়াল্লী নিযুক্তের জন্য তিনি মামলা দায়ের করেছেন।’ অভিযোগের ব্যাপারে কথা বলার জন্য এম এ কুদ্দুস ওরফে বকুলের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও সেটা বন্ধ পাওয়া যায়। বাংলাদেশ ওয়াকফ এস্টেট এর সহকারী প্রশাসক কামরুজ্জামানের ০১৬৭৫-৬৭০৫০২ মোবাইল ফোনে কয়েকদফা কল করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..