ক্রিকেটার হয়েও ম্যারাডোনাকে নিজের একমাত্র সুপারস্টার বলেছেন মাশরাফি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা নেই। এই খবরে ধাক্কা লেগেছে ক্রিকেটবিশ্বেও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বজুড়ে ক্রিকেটাররাও যে যার মতো করে এই ফুটবল ঈশ্বরের জন্য শোক প্রকাশ করছেন।
অন্যান্য সব দেশের মতো লাতিন আমেরিকার এই মহানায়কের কোটি কোটি ভক্ত বাংলাদেশেও রয়েছে। তাদের একজন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ম্যারাডোনার মৃত্যু সংবাদের পর জাতীয় সংসদের এই সদস্য তার ভেরিফাইড ফেসবুক পেজে শোক জানিয়ে এ কথাই লিখলেন নড়াইল এক্সপ্রেস।
ফেসবুক স্ট্যাটাসে মাশরাফি লিখেছেন ‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না, আর আসবেও না। ব্যক্তিজীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম। তোমার বাঁ-পায়ের আঁকা নিখুঁত গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন।
এদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও ফুটবলের এই জাদুকরকে নিয়ে অনুভূতি প্রকাশ করেছেন।
মারাডোনার মৃত্যু সংবাদ শোনার পর ২৫ নভেম্বর বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লেখেন, প্রতিটি প্রজন্মেই এমন খেলোয়াড় আছেন নিজেদেরকে এক একজন আইকনিক হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। আবার এমন কিছু খেলোয়াড় থাকেন যারা নিজের প্রজন্মকে অতিক্রম করে যান এবং নিজেই সেই খেলাটির আইকন হয়ে ওঠেন।
সাকিবের চোখে দিয়াগো ম্যারাডোনা এমন একজন খেলোয়াড়; যিনি ফুটবলকে সৌন্দর্যমণ্ডিত করেছিলেন। তিনি মাঠের খেলায় ততটাই বিখ্যাত ছিলেন, যতটা আবার মাঠের বাইরে কুখ্যাতি অর্জন করেন নানা কারণে। তিনি যা কিছু করেছেন নিজের মত করেই করেছেন। হোক সেটা ভুল কিংবা শুদ্ধ।
‘তার অবিশ্বাস্য প্রতিভা, ফুটবল সুক্ষদর্শিতা এবং এই খেলাটির প্রতি ভালোবাসা কখনোই অস্বীকার করার মত নয়। তার মত কিংবদন্তির কারণে ফুটবল আরও এগিয়ে যাবে এবং আমাদেরকে আরও বিস্মিত করে তুলবে।’




