আমেরিকার ধনকুবের জর্জ সোরসের বক্তব্যে ভারত সরকারের কঠোর প্রতিক্রিয়া

আমেরিকার ধনকুবের জর্জ সোরসের বক্তব্যে ভারত সরকারের কঠোর প্রতিক্রিয়া
আমেরিকার ধনকুবের জর্জ সোরসের বক্তব্যে ভারত সরকারের কঠোর প্রতিক্রিয়া
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে লগ্নি-গবেষণা সংস্থা হিনডেনবার্গ রিসার্চের রিপোর্ট নিয়ে এ বার সরব হলেন হাঙ্গেরীয় বংশোদ্ভূত আমেরিকার ধনকুবের শিল্পপতি জর্জ সোরস। ইহুদি ধর্মালম্বীদের মার্কিন ধনকুবের জর্জ সরোস বলেছেন, “ভারতের আদানি গোষ্ঠী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাগ্য একই সুতোয় গাঁথা। আদানি সাম্রাজ্যের পতনে মোদি দুর্বল হয়ে পড়বেন। এতে ভারতে গণতন্ত্রের নবজাগরণ হবে। আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার বাজারে যে জালিয়াতির (স্টক ম্যানিপুলেশন) অভিযোগ উঠেছে, তা নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে বিদেশি বিনিয়োগকারী এবং ভারতের সংসদে জবাবদিহি করতে হবে।”
ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানির গোষ্ঠী কারচুপি করে তাদের সংস্থাগুলির শেয়ার দর বাড়িয়েছে, অভিযোগ তুলেছে আমেরিকার হিন্ডেনবার্গ রিসার্চ। গত বৃহস্পতিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের মঞ্চ থেকে ৯২ বছরের সোরস প্রশ্ন তোলেন, কেন আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে মোদি এখনও নীরব? তার মতে, ভারতের মতো গণতান্ত্রিক ব্যবস্থায় এমন পরিস্থিতি কাম্য নয়। আদানির পতনে ভারতের ফেডারেল সরকারের ওপর মোদির নিয়ন্ত্রণ উল্লেখযোগ্যভাবে দুর্বল হবে এবং অতি প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের দ্বার উন্মুক্ত করবে।
গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের হিনডেনবার্গ রিসার্চ আদানির শেয়ার জালিয়াতিসহ নানা অনিয়ম নিয়ে রিপোর্ট প্রকাশের পর, শেয়ারবাজারে তারা ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে। বিরোধীরা বলছেন, এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা গৌতম আদানির সঙ্গে নরেন্দ্র মোদির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। নরেন্দ্র মোদির আনুকূল্যে আদানির অস্বাভাবিক উত্থান হয়েছে। গত পাঁচ বছরে আদানির সম্পদ ২৫০০ শতাংশ বেড়েছে।
উদার গণতন্ত্রের আদর্শ ধারক হিসেবে খ্যাত জর্জ সরোস বলেন, আদানির বিরুদ্ধে শেয়ার জালিয়াতির অভিযোগ রয়েছে এবং মোদি এই বিষয়ে নীরব। আদানির শেয়ার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে।
ভারতের ক্ষমতাসীন বিজেপি অবশ্য এ বক্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করেছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির অভিযোগ, আদানি কাণ্ড নিয়ে নরেন্দ্র মোদির উত্তর চেয়ে ‘ভারত বিরোধী কাজ’ করেছেন আমেরিকার প্রবীণ শিল্পপতি। বিজেপি নেত্রী বলেন, ‘‘আমি প্রত্যেক ভারতীয়কে জর্জ সোরোসকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য অনুরোধ করছি।’’ সোরসের মন্তব্যে ‘ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্তের’ চিহ্নও খুঁজে পেয়েছেন স্মৃতি ইরানি। যদিও আদানি কাণ্ডের তদন্তে বিরোধীদের যৌথ সংসদীয় তদন্ত কমিটি গড়ার দাবি সম্পর্কে মোদী সরকার কেন নিশ্চুপ, তার কোনও ব্যাখ্যা দেননি তিনি।
বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির অভিযোগ, ভারত বিরোধী কাজ করেছেন আমেরিকার প্রবীণ শিল্পপতি। তিনি ভারতের গণতান্ত্রিক কাঠামোকে আঘাত করেছেন। এটি শুধু ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা নয়। তিনি কার্যত ভারতে সরকার পরিবর্তনের কথা বলেন। ভারত সবসময় বিদেশি শক্তিকে পরাজিত করেছে এবং ভবিষ্যতেও তাদের পরাজিত করবে।
ভাষণে জর্জ সরোস আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান তুর্কি অর্থনীতিকে অব্যবস্থাপনায় ফেলেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা চীনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষতি করবে। জিনপিং আজীবন ক্ষমতায় থাকবেন না। তার মেয়াদে চীন প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হবে না।
সরোস তার স্বেচ্ছাসেবী সংগঠনে ওপেন সোসাইটি ফাউন্ডেশনে প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি তহবিল দিয়েছেন। নিজের সারাজীবনের মোট সম্পদের বেশিরভাগই দান করে দিয়েছেন তিনি। ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ, সর্বশিক্ষার মতো খাতে হাজার হাজার কোটি টাকা বিলিয়ে দিয়েছেন এই ধনকুবের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।