ঝিনাইদহের কালীগঞ্জে ক্লিনিকে অবহেলায় মৃত প্রসুতির পেট চিরে নবজাতক শিশু জন্মের ঘটনায় বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা
রেজওয়ানা নাহিদের অভিযানে ক্লিনিক টি সিলগালা ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এরপর ইউএনও নবজাতক শিশুটিকে দেখতে তার নানা বাড়ি উপজেলার সাতগাছিয়া গ্রামে গিয়ে খোঁজ খবর ও পরিবারের কাছে আর্থিক সহায়তা করেন।
উল্লেখ্য, আগের দিন রোববার বিকালে উপজেলার বারবাজারে নিউ গরীব শাহ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে শিল্পী খাতুন (৩৫) নামের এক প্রসূতি গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটে।
প্রসজ্ঞত, প্রসুতির মৃত্যুর পর পেট চিরে শিশু জন্মের ঘটনা নিয়ে রোববার রাতে বিভিন্ন পত্র পত্রিকা ও অনলাইনে খবর প্রকাশ হলে তা গোচরে আসে প্রশাসনের।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকতার্রা ওই ক্লিনিকে এক অভিযান চালায়। এ সময় দ্বায়িত্ব অবহেলার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা ও এক লক্ষ টাকা জরিমানা করেন তারা। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমানুল্লাহ আল-মামুনসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, রোববার সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পি খাতুনের প্রসববেদনা উঠলে নিউ গরীব শাহ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। সে সময়ে রোগীর শারীরিক অবস্থা পুরোপুরি সুস্থ ছিল। কিন্তু অপারেশন থিয়েটারে নেওয়ার পর ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়।
কিন্তু কিছুসময় পরই প্রসুতির অপারেশন চালিয়ে নবজাতক শিশুটির জন্ম হয়। তবে, এ নিয়ে গাইনি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ ফাতিমা আক্তারের দাবি, রোগী উচ্চ রক্তচাপজনিত কারণে শক বা তীব্র জটিলতার শিকার হয়ে ওটিতে আসার আগেই মারা গেছে।
সোমবার সকালে অভিযান টিমে থাকা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমানুল্লাহ আল মামুন জানান, প্রসূতির মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে ক্লিনিকটি সিলগালাসহ জরিমানা করা হয়েছে। তিনি জানান, বিষয়টি আরো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, প্রসুতির মৃত্যু নিয়ে অবহেলার অভিযোগে ক্লিনিকটি সিলগালাসহ এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথেই অপারেশনে দায়িত্বরত চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষকে তলব করেছি বলে যোগ করেন তিনি।



