বগুড়ায় আইসোলেশনে ভর্তি হওয়া ৩ জনের নমুনা পাঠানো হচ্ছে রাজশাহীতে

বগুড়া প্রতিনিধি: বগুড়া আইসোলেশন ইউনিটে রূপান্তরিত করা ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তিকৃত তিন রোগী চিকিৎসাধীন রয়েছেন। দুই-একদিনের মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ল্যাবরেটরি চালু হলে সেখানে তাদের নমুনা পাঠানো হবে। ভর্তিকৃত রোগী বর্তমানে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। সংশ্লিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, করোনাভাইরাস(কোভিড-১৯)আক্রান্ত রোগীদের চিকিৎসায় গত ২৪ মার্চ বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালকে আইসোলেশন ইউনিট হিসেবে ঘোষণা করা হয়। সকল সাধারণ রোগীদের বিদায় দিয়ে সেখানে পাঁচ ফুট দুরত্ব বজায় রেখে পর পর ১২০টি বেড প্রস্তুত করা হয়। ১০ দিন সেবা দিতে ৩০ সদস্যের চিকিৎসক প্যানেল তৈরি করা হয়েছে। প্রতি ২৪ ঘণ্টায় তিন জন করে চিকিৎসক দায়িত্ব পালন শেষে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে যাবেন। তবে ইউনিটটি স্বয়ংসম্পূর্ণ করতে ১০ বেডের আইসিইউ, পিপিই ৫ হাজার, একটি ডিজিটাল এক্সরে মেশিন, অক্সিজেন সিলিন্ডার ৫০টি, নেবুলাইজার ১০০ সেট, বায়োকেমিক্যাল অ্যানালাইজার, কিট, প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম, ওষুধ ও জনবল চাওয়া হয়। ইতোমধ্যে ৪০০ পিছ পিপিই এসেছে।

আপাতত বগুড়া শজিমেক হাসপাতাল থেকে দুই বেড আইসিইউ ও কিছু সরঞ্জাম আনা হয়েছে। তবে এসব চিকিৎসা উপকরণ আসলেই পুরোপুরি চালুর পরিস্থিতি তৈরী হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিক আমিন কাজল আরও জানান, গত ২৯ মার্চ থেকে মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন ইউনিটের কার্যক্রম শুরু হয়। ওইদিন বিকালে শ্বাসকষ্ট নিয়ে কুমিল্লায় চাকরিরত শাকিল এবং বগুড়ার ধুনটের আবদুল হান্নানকে ভর্তি করা হয়েছে। এছাড়া ২৯ মার্চ বগুড়ার মহাস্থানে ট্রাক থেকে নামিয়ে দেওয়া রংপুর শহরের ধাপ মডার্ন মোড় এলাকার শাহ আলমকে ৩০ মার্চ সোমবার শজিমেক হাসপাতাল থেকে এখানে আনা হয়েছে।

এ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে তিন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানোর কথা ছিল। কিন্তু দু-একদিনের মধ্যে রামেক হাসপাতালে ল্যাবের কার্যক্রম শুরু হবে। তখন এ তিনজন রোগীর চিকিৎসা সহায়ক নমুনা সেখানে পাঠানো হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।