মেহের আমজাদ,মেহেরপুর ঃ (২১-০৯-১৬)মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামের বিএনপি নেতা ও তার কলেজ পড়–য়া মেয়ে হত্যা মামলার প্রধান আসামী মোস্তাফিজুর রহমান টিপু আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে ।
গতকাল বুধবার দুপুরে মেহেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিদুজ্জান এ আদেশ দেন । চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার প্রধান আসামী মোস্তাফিজুর রহমান টিপু মেহেরপুর সদর উপজেলার যাদুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসাবে কর্মরত রয়েছেন । এছাড়াও তিনি স্বাধীনতা শিক্ষক পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি এবং বাংলাদেশ পল্লী উন্নয়ণ বোর্ড মেহেরপুর জেলা শাখার চেয়ারম্যান হিসাবে দায়ীত্বে রয়েছেন ।
মামলার এজাহারে সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২১ মার্চ সন্ধ্যায় মুজিবনগর উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম সম্পাদক পল¬ী চিকিৎসক হামিদুর রহমান হেলালকে রতনপুরের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এসময় তার কলেজ পড়ুয়া মেয়ে সেতু বাধা দিতে গেলেও সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে আহত করে। পরদিন সেতু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় হামিদুর রহমানের স্ত্রী সন্ধ্যা খাতুন বাদি হয়ে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয় এস আই মুধুসুদন দত্তকে। পরে মামলাটি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে দায়িত্ব দেয়া হয়। সিআইডির এস আই আফাজ উদ্দিন মামলাটি দীর্ঘ তদন্ত শেষে অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপুকে প্রধান আসামী করে চলতি বছরের ২৯ আগষ্ট আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।


